কুমিল্লার দাউদকান্দি থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে আরও একজনের মৃত্যু হয়। একই ভ্রমণে দুই স্বজনের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৩ মে) বিকেলে গুলিয়াখালী সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার পেন্নাই এলাকার বাসিন্দা মো. রিফাত হোসেন (১৮) এবং তার খালাতো ভাই মামুন মিয়া। রিফাত গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মামুন মিয়া চান্দিনা উপজেলার মহিচাইল হোসেনপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে। তিনি দাউদকান্দির একই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার ভোরে দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে পাঁচ বন্ধু ঘুরতে গুলিয়াখালী সৈকতের উদ্দেশ্যে রওনা দেন। তাদের সঙ্গে ছিলেন রিফাত, আলম, বাইজিদ, মহিন এবং আব্দুল আজিজ।
সৈকতে পৌঁছে বিকেল সাড়ে চারটার দিকে তারা সবাই পানিতে নামেন। এ সময় হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় সবাই পানিতে হাবুডুবু খেতে থাকেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত পানির স্রোতে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও দলের সদস্য আব্দুল আজিজ জানান, আমরা পাঁচজনই একসঙ্গে পানিতে নামি। হঠাৎ বড় ঢেউ আসে। আমরা সবাই পরিপূর্ণ সাঁতার জানতাম না, রিফাত তো একেবারেই জানত না। আমরা চারজন কোনোরকমে উঠে আসতে পারলেও ও আর উঠতে পারেনি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা চেষ্টা করেও রাত নয়টা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। পরে রাতের জোয়ার ও পানির প্রবাহ বেড়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়।
পরদিন রোববার সকালে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়। সকাল আনুমানিক নয়টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে রিফাত নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাকে খুঁজতে ঘটনাস্থলে যান তার খালাতো ভাই মামুন মিয়া। স্বজনদের ভাষ্য অনুযায়ী, সেখানে অবস্থানকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা স্বস্তি পেলে বাড়ির পথে রওনা দেন। পথে হঠাৎ অসুস্থ হয়ে গাড়িতেই তিনি স্ট্রোক করেন এবং মারা যান।
মামুনের মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। ছোট দুই সন্তান রেখে তার অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে গিয়ে দুইজনের মৃত্যুতে বাকিরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন।
স্থানীয়রা বলছেন, গুলিয়াখালী সৈকতে জোয়ার-ভাটার সময় পানির আচরণ অনেকটা অনিয়ন্ত্রিত থাকে। তাই এ ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতা আরও বাড়ানো প্রয়োজন।
ঘটনার পর আব্দুল আজিজ অনুরোধ করে বলেন, যারা সমুদ্রসৈকতে যান, সাঁতার না জানলে বা জোয়ার-ভাটা সম্পর্কে ধারণা না থাকলে পানিতে না নামাই নিরাপদ।


















































