বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সয়াবিন তেল ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে ভয়ংকর দুধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৬

dut-1
পূর্বাশা ডেস্ক:

গরুর দুধের সাথে পানি মেশানোর গল্পটা অনেক পুরনো। কিন্তু সয়াবিন তেল আর রাসায়নিক মিশিয়ে গরুর খাঁটি দুধ তৈরির ভয়ংকর গল্পটি ফাঁস হলো এবার। বগুড়ায় সন্ধান মিলেছে সে রকমই একটি কারখানার। বগুড়ায় দুই বছর ধরে তৈরি হয় এমনই ‘ভয়ংকর দুধ’ যা বাজারজাতও করা হচ্ছে।

জানা যায়, অসাধু এই চক্রের অন্যতম ক্রেতা হলো ব্র্যাক দুগ্ধ সেন্টার। এ ছাড়া বিভিন্ন হাটবাজার ও বাসাবাড়িতে দুই বছরে প্রায় তিন লাখ ৬০ হাজার লিটার ক্ষতিকর এই ‘ভয়ংকর দুধ’ বিক্রি করা হয়েছে।

গতকাল বগুড়ার জেলা গোয়েন্দা পুলিশ সোনাতলা উপজেলায় গরুর নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে গ্রেপ্তার করা হয় গরুর নকল দুধ তৈরির তিন কারিগরকে। অভিযানকালে সেখানে পাওয়া যায় গরুর ১০০ লিটার নকল দুধ এবং আড়াই হাজার লিটার দুধ তৈরি করার মতো সমপরিমাণ রাসায়নিক ও বিভিন্ন সরঞ্জাম। বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি দল গতকাল সোনাতলার শিহিপুর মধ্যপাড়া গ্রামের আলহাজ আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পাবনার বেড়ার নাকালিয়া গ্রামের সরজিত ঘোষ, পাটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নান ও সোনাতলার পাকুল্লা ঘোষপাড়ার সজিব কুমার ঘোষকে। তারা ওই বাড়ি ভাড়া নিয়ে গরুর নকল দুধ তৈরির কারখানা গড়ে তুলেছিল।

গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০০ লিটার নকল দুধ, ১০ কেজি পার অক্সাইড, ২৫ কেজি হোয়াইট পাউডার, ১০ কেজি গ্লোকোজ পাউডার, পাঁচটি ব্লেন্ডার মেশিন, ২০ লিটার সয়াবিন তেল, চারটি বড় সাইজের অ্যালুমিনিয়ামের পাতিল ছাড়াও বিভিন্ন সরঞ্জাম আটক করে। দুই বছর ধরে প্রতিদিন ৫০০ লিটার করে দুধ তারা সরবরাহ করছিল।

অভিযোগ রয়েছে, রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি নকল এই দুধের অন্যতম ক্রেতা সোনাতলার ব্র্যাক দুগ্ধ সেন্টারের উপর। তারা প্রতিদিন ২০০ থেকে ৩০০ লিটার দুধ কিনত। খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের মিল্ক কালেকশন ও চিলিং সেন্টারেও অ্যালকোহল, সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, স্পিরিট, সোডিয়াম হাইড্রোক্লোরিক এসিডসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ রয়েছে।

এই সংস্থার কর্মরত একজন সহকারী কর্মকর্তা জানান, দুধে চিনি, লবণ, সোডা, ভাতের মাড় বা ময়দা মেশানো আছে কি না তা পরীক্ষার জন্য এসব রাসায়নিক ব্যবহার করা হয়। তাহলে কী করে দুই বছর ধরে এই দুধ কেনা হচ্ছে সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা অল্প পরিমাণ খাঁটি দুধের সঙ্গে পানি, সয়াবিন তেল, পার অক্সাইড ও হোয়াইট পাউডার ব্লেন্ডার মেশিনে মিশ্রিত করে দুধের ফ্লেভার ও রং তৈরি করছিল। এরপর নকল ওই দুধ গরুর খাঁটি দুধ হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করা ছাড়াও ব্র্যাকের দুধ ক্রয় কেন্দ্রে দুই বছর ধরে সরবরাহ করছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, এই পদ্ধতি ছাড়াও কারিগররা প্রথমে দুধ থেকে ননি তুলে নেয়। এরপর ছানা তৈরি করে। ছানার পানিতে রাসায়নিক মিশিয়ে তৈরি করে নকল দুধ। ৩৭ লিটার ছানার পানি ও খাবার পানির সঙ্গে তিন লিটার দুধের ননি, ৫০ গ্রাম খাইসোডা, কয়েক চামচ পার অক্সাইড, ময়দা, চিনি জ্বালিয়ে তাতে সয়াবিন তেল ও দুধের সুবাস তৈরির অ্যাসেন্স মিশিয়ে তৈরি হয় ৪০ লিটার নকল দুধ। দুধ সাধারণত ছয় ঘণ্টার বেশি সতেজ থাকে না। যে কারণে এতে মেশানো হয় বিষাক্ত ফরমালিন। এসব দুধ দেশের নামিদামি ডেইরি প্রকল্প ও সাধারণ ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয়।

সোনাতলা এলাকার দুধ ব্যবসায়ী দিজেন্দ্র নাথ ঘোষ দাবি করেন, নকল দুধে বাজার ভরা। তবে কোনো ঘোষই নকল দুধ তৈরি করে না। তাঁর দাবি, দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের লোকেরা নকল দুধ তৈরি করে। প্রান্তিক গো-খামারি আবুল হোসেন বলেন, ‘নকলবাজদের কারণে আমরা বিপাকে পড়েছি। আগে বাসাবাড়িতে প্রতিদিন দুধ দিয়ে সপ্তাহ পর টাকা নিয়ে ওই টাকায় গোখাদ্য কিনতাম। এখন প্যাকেট দুধের কারণে সেটিও সম্ভব হয় না। ‘

বগুড়ার সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব জানান, রাসায়নিক মিশ্রিত এসব নকল দুধ খেলে মানবদেহে পেটের পীড়া, ডায়রিয়া, কিডনি ও লিভার আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত শিশু বিশেষজ্ঞ ডা. সিরাজুল আলম বাপ্পী জানান, এ ধরনের নকল দুধ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এই দুধ নিয়মিত পান করলে শিশুদের কিডনি নষ্ট হওয়া, ব্রেনে রক্তক্ষরণ ছাড়াও মেধা বিকাশে চরম অন্তরায় হবে।

বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা ছাড়াও আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

সূত্র: কালেরকণ্ঠ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি