মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


তিন ইস্যুতে বছর পার আ.লীগের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৬

 

269470_1

ডেস্ক রিপোর্টঃ

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিদায়ী বছর পার করেছে কয়েকটি ইস্যুতে। রাজনৈতিক মাঠে শক্তিশালী বিরোধী দল না থাকায় স্থানীয় সরকার নির্বাচন, ২০তম জাতীয় সম্মেলন, জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে শেষ হয়েছে বছর। রাজনৈতি মাঠে বিরোধী দলের আন্দোলন-সংগ্রাম মোকাবেলা না করতে হলেও ভোটের মাঠে বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন দলকে এবং নিজ দলের বিদ্রোহী প্রার্থীকে মোকাবেলা করতে হয়েছে।

বছরের শুরুতে তেমন কোনো কর্মকাণ্ড ছিল না আওয়ামী লীগের। ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে শুরু হয় নির্বাচনের প্রস্তুতি। মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জালভোট, মারামারি, নজিরবিহীন প্রাণহানি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের লোক নির্বাচিত হওয়া নিয়ে বিতর্কের ঝড় ওঠে। পাশাপাশি নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের বসে আনতে অনেক কাঠখড় পোড়াতে হয় আওয়ামী লীগকে।

ছয় ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা ২৬৭২টি ইউপিতে জয় পায়। বিএনপি পায় ৩৭২ ও জাতীয় পার্টি ৫৭টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৮৮০টি ইউপিতে। যার বেশিভাগই আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

বিদায়ী বছরের আওয়ামী লীগের ভেতরে-বাইরে যে ইস্যুটি হলো দলের ২০তম জাতীয় সম্মেলন। দলটির সম্মেলন নিয়ে কম নাটক হয়নি। বেশ কয়েকবার ঘোষণা করা হয় সম্মেলনের তারিখ। প্রথমে ২৮ মার্চ দলটির সম্মেলনের তারিখ ঘোষণা করা। পরে তা বাতিল করে ১০-১১ জুলাই করা হয়। কিন্তু সে তারিখও বাতিল করে ২২-২৩ অক্টোবর সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

প্রতিটি রাজনৈতিক দলে সম্মেলনে আলোচনার বিষয় থাকে পরবর্তী কমিটিতে কে সভাপতি আর কে সাধারণ সম্পাদক হচ্ছেন তা নিয়ে। কিন্তু আওয়ামী লীগের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সাধারণ সম্পাদকের পদ নিয়ে। প্রথম থেকে এ পদে সবচেয়ে আলোচিত নাম ছিল দুইবারের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তার পাশাপাশি ছিল বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেসহ বেশ কয়েকজনের নাম। শেষ পর্যন্ত অনেক নাটকীয়তার মধ্য দিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আলোচনায় ছিল কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের কারা আসছেন। এ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান সিদ্দিক ববির নাম। এদের মধ্যে জয়, পুতুল, ববিকে প্রথমবারের মতো দলের কাউন্সিলর বানানো হয়। যদিও শেষ পর্যন্ত এদের কাউকেই কমিটিতে রাখা হয়নি। তবে এখনো কমিটিতে রাখার পথ বন্ধ হয়ে যায়নি। বর্তমান কমিটিতে এখনো বেশ গুরুত্বপূর্ণ পদ খালি রাখা হয়েছে।

২০১৬ সালে আওয়ামী লীগ দল এবং সরকার হিসেবে বেশি বিপদে ও আলোচনা ছিল জঙ্গিবাদ নিয়ে। বছরের মাঝামাঝিতে বাংলাদেশে নতুন করে উৎপত্তি ঘটে ভয়াবহ জঙ্গিবাদের। দেশজুড়ে দেশি-বিদেশি বেশ কয়েকজন নাগরিক খুন হন। পহেলা জুলাই রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় দেশি-বিদেশসিহ অর্ধশত নারী-পুরুষকে জিম্মি করে জঙ্গিরা। এ হামলায় ২ দুই পুলিশ কর্মকর্তা ও বিদেশি নাগরিকসহ ২৮ জন নিহত হন। এ হামলায় দেশি-বিদেশি চাপ বাড়তে থাকে আওয়ামী লীগ সরকারের ওপর। এর তিনদিন পরে দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়া জঙ্গি হামলা হয়। এ ঘটনায় ২ পুলিশ, এক ‘জঙ্গি’ ও একজন সাধারণ নাগরিক নিহত হন।

এসব জঙ্গি হামলার পর কদর বাড়ে ক্ষমতাসীন জোটের শরিকদলগুলোর। এসব হামলার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় জঙ্গিবাদ বিরোধী সভা-সমাবেশ এবং মানবন্ধন করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত মানবন্ধন করা হয় ঢাকায়। রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানবন্ধন করে ১৪ দলীয় জোট।

বিদায়ী বছর শেষ হয়েছে স্থানীয় সরকারের নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন দিয়ে। এ নির্বাচনে আলোচনার বিষয় ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা সেলিনা হায়াৎ আইভীকে এবার দলীয় মনোনয়ন দেয়া। নির্বাচনে আইভী জয় পান।

২৮ ডিসেম্বর ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয়ভাবে অনুষ্ঠিত না হলেও এই নির্বাচনে দল থেকে প্রার্থীদের সমর্থন দেয়া ও নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ । প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড একাধিক বৈঠক করে ৬১ জেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী তালিকা প্রকাশ করে দলটি।

বিদায়ী বছর ২০১৬ সালকে মূল্যায়ন করতে গিয়ে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো বছর কেটেছে বলে মনে করেন। তিনি বলেন, “এ বছরে বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার পরিনতি সুষ্ঠু ও সুন্দর হয়েছে।”

তিনি আরো বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতি দল। আমরা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী ২০১৯ সালের নির্বাচন নিয়েও আশাবাদী। দেশের ইতিহাসে বিদায়ী বছরের দৃষ্টান্ত হয়ে থাকবে নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। নিন্দুকদের মুখে ছাই দিয়ে সফলতার সঙ্গে বছরটি পার করলো আওয়ামী লীগ।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি