শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


হাওর বিপর্যয়ে বোরো ধান উৎপাদন কমবে ৩২ লাখ টন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর বিপর্যয়ে চলতি মৌসুমে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে কি হবে না তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে লক্ষ্যমাত্রা থেকে অন্তত ৩২ লাখ টন ধান কম পাওয়া যাবে বলে তারা ধারণা করছে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, লক্ষ্যমাত্রা পূরণ না হলেও খাদ্যের কোন ঘাটতি পড়বে না।

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সিলেটের হাওরে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকার হাওরের এবার ৯ লাখ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৩৫ লাখ টন। অথচ কৃষি গবেষকদের হিসাবে এরই মধ্যে ৭ লাখ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে ৩২ লাখ টন বোরো ধান।

সারাদেশে এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ কোটি ৯১ লাখ ৫৩ হাজার টন। তবে হাওরের ধান নষ্ট হওয়ায় এই লক্ষ্য পূরণের সম্ভাবনা নেই বলেছেন গবেষকেরা।

তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এখনই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা বলার সময় আসেনি। দেশের অন্য অঞ্চলে বোরোর উৎপাদন ভালো বলেও জানিয়েছে তারা।

হাওরের পানি নেমে যাওয়ার পর নতুন আবাদে কৃষককে প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

পূর্বাশানিউজ/২৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি