শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমিকাকে হত্যা করে ওয়্যারড্রোবে ভরে রাখে প্রেমিক!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করাকালীন বিয়ের জন্য চাপ দেওয়ায় এক নারী পোশাককর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে লাশ ওয়্যারড্রোবে ভরে সড়কের পাশে ফেলে দেওয়া হয়। পুলিশ অজ্ঞাতপরিচয় হিসেবে লাশ উদ্ধার করে। এ ঘটনার ৪ দিনের মাথায় হত্যার রহস্য উদঘাটন ও জড়িত প্রেমিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল মঙ্গলবার গ্রেপ্তার প্রেমিকসহ হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিহত পোশাক কর্মীর নাম ছামিনা খাতুন ওরফে সাবিনা (৩২)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দাড়ারপাড়ার আয়নাল হকের মেয়ে।

গ্রেপ্তার আসামিরা হলেন- শেরপুর জেলার নকলা থানার মাওড়া এলাকার মর্তুজ আলীর ছেলে মো. রাকিবুল হাসান সুমন (২৪), সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চৌবাড়ী এলাকার মো. শাহ আলম আকন্দের ছেলে শাহরিয়ার আকন্দ (১৯) ও টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নব্বগ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. ফারুক হোসেন (২৪)। গত ১৭ অক্টোবর রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া বুধবার ভোরে অপর আসামি নাইমকে (২৭) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার ধনকুরা এলাকার মো. সুনু মিয়ার ছেলে।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, প্রায় এক যুগ আগে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার দেউপুর এলাকার মোজাম্মেল হকের সঙ্গে নিহত সাবিনার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। ১০ বছর সংসার করার পর প্রায় ২ বছর আগে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। তারপর থেকে সাবিনা গাজীপুরে এসে একটি পোশাক কারখানায় কাজ নেয়। এখানে সাবিনার সঙ্গে সুমনের প্রেমের সস্পর্ক গড়ে ওঠে। তারা গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলকায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতো। প্রায় দুই বছর এভাবে চলছিল। সাবিনা বিয়ে করার জন্য সুমনকে চাপ দিত। কিন্তু সুমন বিয়ে করতে রাজি না হওয়ায় কিছুদিন আগে স্থানীয় লোকজন দিয়ে সুমনকে মারধর করে। এরপর সুমন সাবিনাকে ছেড়ে তার আগের স্ত্রীর কাছে চলে যায়।

তিনি আরও জানান, সুমন চলে যাওয়ার পর সাবিনা ফোন করে সুমনকে বিরক্ত করতো ও বিয়ের জন্য চাপ দিত। এ কারণে সুমন তার সহযোগী নাঈমের সঙ্গে পরিকল্পনা করে গত ১৩ অক্টোবর রাতে সাবিনাকে নাঈমের গাজীপুর মহানগরীর বাসন এলাকার ভাড়া বাসায় ডেকে আনে। সুমন সাবিনার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সাবিনা বিয়ের জন্য সুমনকে চাপ দিলে কাটাকাটি হয়। তখন সাবিনা সুমন ও নাঈমকে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন। এসময় নাঈম সাবিনার হাত চেপে ধরে ও সুমন গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে সাবিনাকে হত্যা করে। পরে তারা বাসার নিকটবর্তী একটি ফার্নিচারের দোকান থেকে ১২ হাজার টাকা দিয়ে কিস্তিতে একটি ওয়্যারড্রোব কিনে এনে ভেতরে লাশ রেখে তালাবদ্ধ করে রাখে।

তিনি জানান, পরদিন ১৪ অক্টোবর সকালে লাশ সরানোর জন্য নাঈম তার ভায়রা ভাই আসামি ফারুক হোসেনকে পিকআপ ভ্যানসহ আসতে বলে। পরে ওয়্যারড্রোব পিকআপে উঠানোর জন্য সুমন ও নাঈম শাহরিয়ার আকন্দকে তার বাসা থেকে ডেকে নিয়ে আসে। আসামি সুমন, নাঈম, শাহরিয়ার ও ফারুক চারজন মিলে লাশ ভর্তি ওয়ারড্রোব পিকআপে তুলে ১৪ অক্টোবর বিকেলে গাজীপুর জেলার সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বিকেবাড়ীতে একটি আবাসিক এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা মনে করেছিল বাসা বদল করার জন্য হয়ত ওয়্যারড্রোব এনে রেখেছে। কিন্তু পরে রাত ১২টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ রাত দেড়টার দিকে ওয়্যারড্রোবের তালা ভেঙে লাশ উদ্ধার করে। পরে পিবিআই পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের ভাই জসিম উদ্দীন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি