আইনের প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন চায় পূর্ণ ক্ষমতা
নির্বাচনকালীন মাঠ পর্যায়ে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পূর্ণ ক্ষমতা দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন দায়িত্ব পালনে বাধাগ্রস্ত না হন এবং কোনো পক্ষের হস্তক্ষেপ যেন না হয়, এ নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কারের জন্য গঠিত কমিশনের কাছে সুপারিশ পেশ করেছে ইসি।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় করেন ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব।
তিনি বলেন, “সংস্কার কমিশনের কার্যক্রমকে আমরা সম্মান করি। আমরা আমাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছি। গণপ্রতিনিধিত্ব নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এটি সফল করতে ইসি নিজেদের ভূমিকা নিয়ে সচেতন।”
ইসি সচিব আরও বলেন, “নির্বাচন ব্যবস্থায় ভালো দিকগুলো যেমন আছে, তেমনি কিছু দুর্বলতাও রয়েছে। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং গণমাধ্যমসহ বিভিন্ন অংশীজনের মতামত বিশ্লেষণ করে আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি।”
তিনি আরও বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনে কোথা থেকে কেমন হস্তক্ষেপ হয়, এবং তা আইনের বাইরে কিভাবে হয়, এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এতে কোনো রাখঢাক রাখিনি, যেন সংস্কার কার্যক্রম কার্যকর হয়।”
সচিব বলেন, “মানুষের আশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন। এটি নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সেসব সুপারিশ আমরা দিয়েছি। কমিশন সদয় হলে আমরা আরও বিস্তারিত প্রস্তাব দিতে পারবো।”
তিনি বলেন, “নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন পরিচালনা করে না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সব সংস্থা কমিশনের অধীনে কাজ করে। আইনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটি যেন পুরোপুরি কার্যকর হয়, আমরা সেটি নিশ্চিত করতে চাই।”
নির্বাচনী ব্যয় ও অপরাধের বিচারের বিষয়েও সুনির্দিষ্ট সুপারিশ করেছেন ইসি সচিব। তিনি বলেন, “নির্বাচনের সময় অপরাধ করলে পরবর্তীকালে যাতে অভিযুক্ত ব্যক্তি বিচার এড়াতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া দরকার।”
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইসি সচিব আরও বলেন, “নির্বাচনের সময় গণমাধ্যমের নিরপেক্ষ আচরণ খুবই গুরুত্বপূর্ণ। ভালো কাজকে ভালো এবং মন্দকে মন্দ বলতে হবে। সবাই যদি নিরপেক্ষ থাকে, তবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
















































