মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশজুড়ে সর্বনাশা ইয়াবা নেটওয়ার্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

yaba
ডেস্ক রিপোর্টঃ

মিয়ানমার ঘেঁষা কক্সবাজার-বান্দরবান সীমান্ত দিয়েই শুধু নয়, ভারত-বাংলাদেশ সীমান্তেরও অন্তত ৪২টি পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে ইয়াবা। দেশের অভ্যন্তরে গড়ে উঠেছে ইয়াবা বাণিজ্যের সংগঠিত নেটওয়ার্ক। নিরাপদে-নির্বিঘেœ এ নেটওয়ার্কের মাধ্যমেই দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর আসক্তি।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এখন তা মুড়ি-মুড়কির মতো বিক্রি হচ্ছে। অলি-গলি, মোড়ে মোড়ে হাত বাড়ালেই মিলছে ইয়াবা। পুলিশ, র‌্যাব, ডিবি, সিআইডি, আবগারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থার সদস্যরা রাত-দিন ইয়াবা বিরোধী অভিযানে থাকেন। প্রায় প্রতিদিনই হাজার হাজার পিস ইয়াবা জব্দ হয়, আটক হয় ইয়াবা পাচারকারী, বিক্রেতাসহ সেবনকারীও।

কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, বন্ধ হচ্ছে না ইয়াবার স্রোত। শুধু বাংলাদেশে পাচারের জন্যই মিয়ানমারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে ৩৮টি ইয়াবা কারখানা। এসব কারখানা থেকে প্রতিদিন ৩০ লাখেরও বেশি ইয়াবা টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্তের ২৩টি স্থান দিয়ে আসছে। গোয়েন্দা সংস্থা ও স্থানীয় অধিবাসীদের কাছ থেকে মিলেছে এসব তথ্য।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অনুসন্ধান সূত্রে জানা যায়, মিয়ানমারের মংডু থেকে বিভিন্ন ধরনের ফিশিং বোটের মাধ্যমে টেকনাফের স্থলবন্দর, শাহপরীর দ্বীপ, মাঝিরপাড়া, জালিয়াপাড়া, ট্রানজিট ঘাট, নাইট্যংপাড়া, সাবরাংয়ের লেজিপাড়া ও বার্মাপাড়া পয়েন্ট দিয়ে প্রতিদিনই লাখ লাখ পিস ইয়াবা আসছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, বিভিন্ন সংস্থার একশ্রেণির কর্মকর্তার সঙ্গে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সখ্য ও গোপন লেনদেন থাকায় ইয়াবা প্রবেশ রোধ হচ্ছে না। স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করে জানায়, টেকনাফের সাগরদ্বীপ, নয়াপাড়া, নাজির পাড়া, জেলেপাড়ায় প্রতি রাতে বসে ইয়াবার হাট। সেখানে মিয়ানমার থেকে আসা লাখ লাখ পিস ইয়াবা ট্যাবলেটের পাইকারি বেচাকেনা চলে।

স্থানীয় সূত্রগুলো জানায়, মিয়ানমারের ইয়াবা ব্যবসায়ীরা ঢাকা ও চট্টগ্রামের অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন। তারা কক্সবাজার, বান্দরবান, টেকনাফের স্থানীয় লোকদের সঙ্গে যোগসাজশে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে বাংলাদেশি অনেক ইয়াবা ব্যবসায়ী এখন স্থায়ী ডেরা তুলে অবস্থান করছেন মিয়ানমারের বিভিন্ন সীমান্ত পয়েন্টে। সাগর ও নদীপথে আসা ইয়াবার একটি অংশ পাচার হয় টেকনাফ, হ্নিলা ও উখিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে। কড়া নজরদারির কারণে এখন সিংহভাগ চালান পাচার হয় সমুদ্র পথেই। চোরাচালানিরা দেশীয় ইঞ্জিনবোট যোগে লাখ লাখ পিস ইয়াবা নিয়ে গভীর সমুদ্র পথ ধরে সরাসরি হাতিয়া-সন্দ্বীপ, চরজব্বার এলাকায় পৌঁছে যাচ্ছে। সেখানে খালাস করা ইয়াবা স্থানীয় লঞ্চ-ট্রলারযোগে চাঁদপুর, শরীয়তপুর হয়ে ঢাকার পথে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু কিছু চালান নৌপথে কুয়াকাটা এবং ভোলা দিয়েও প্রবেশ করছে।

বর্তমানে সেন্টমার্টিন দ্বীপের অদূরে দক্ষিণের সীতাপাহাড়ে মিয়ানমারের ট্রলারের মাধ্যমে আসে ইয়াবার বড় বড় চালান। সাগরপথে মাছ ধরার বড় ট্রলারে করে এসব চালান সেন্টমার্টিন থেকে কক্সবাজার-চট্টগ্রাম হয়ে নারায়ণগঞ্জে আসে। সেখান থেকে ছড়িয়ে পড়ে সারা দেশের খুচরা ব্যবসায়ীদের হাতে। আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্যানুযায়ী, কক্সবাজারের টেকনাফ সীমান্তে রয়েছে তালিকাভুক্ত ৭০০ ইয়াবা পাচারকারী। তার মধ্যে মহেশখালীর ৭, বান্দরবানের ১৫ জন ছাড়া বাকি পাচারকারী সবাই টেকনাফের বাসিন্দা। কিন্তু রহস্যজনক কারণে সবাই ধরাছোঁয়ার বাইরে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি