সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মোস্তফা কামাল মঞ্চেই নেই ভারতীয় মিডিয়ায়ও সমালোচনা


মোস্তফা কামাল মঞ্চেই নেই ভারতীয় মিডিয়ায়ও সমালোচনা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৫

ICC Executive Board Meeting

 

স্পোর্টস ডেস্কঃ
১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে লর্ডসে স্টিভ ওয়াহদের হাতে শিরোপা তুলে দিয়েছিলেন ওই সময়ের আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া। এরপর এ নিয়মটিই দাঁড়িয়ে গিয়েছিল। আইসিসির গঠনতন্ত্রও তা-ই বলে। সে হিসেবে আজ অস্ট্রেলিয়ার হাতে শিরোপা তুলে দেওয়ার কথা বর্তমান আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের। কিন্তু ঘটলো ভিন্ন ঘটনা। এবার আইসিসি সভাপতি নয়, শিরোপা তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। ১৯৯৬ সালে বেনজির ভুট্টো কাপ তুলে দিয়েছিলেন শ্রীলংকার হাতে। এটি করেছিলেন, অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে। তবু আইসিসি সভাপতির অনানুষ্ঠানিক সম্মতি নিয়েই। এবারই শুধু মুস্তফা কামালকে রাখা হয়নি। এ নিয়ে ভারতীয় পত্রিকায়ও ব্যাপক সমালোচনা চলছে। আনন্দ বাজার লিখেছেÑ পুরস্কার বিতরণী নিয়েও বিতর্ক তৈরি হলো। টেলিগ্রাফ পত্রিকা সবচেয়ে কঠোর সমালোচনা করেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে।

টেলিগ্রাফ লিখেছেÑ ক্রিকেটের অভিভাবক সংস্থার পরিবর্তিত গঠনতন্ত্র অনুযায়ী এমনিতেই সভাপতির পদটি এখন কেবলই আলঙ্কারিক। সব নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের হাতে। কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইসিসি সভাপতির থাকার কথা। আইসিসির গঠনতন্ত্রে বলা আছেÑ ‘বৈশ্বিক প্রতিযোগিতায় শিরোপা তুলে দেবে সভাপতি।’ প্রশ্নটা এখানে, তবুও কেন মুস্তফা কামালকে দেখা গেল না পুরস্কার মঞ্চে? সেখানে কেন শ্রীনি? অথচ সূত্র জানাচ্ছে, মুস্তফা কামাল এ মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন। বিষয়টি কি গোলমেলে নয়?

ঘটনার নেপথ্যে কী কাজ করেছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এমসিজিতে কোয়ার্টার ফাইনালে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন কামাল। কেবল আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়ে ক্ষান্ত হননি, প্রতিবাদ জানিয়েছিলেন আইসিসিতে ভারতের একচেটিয়া দাপটের বিরুদ্ধেও। এমনকি আইসিসি থেকে পদত্যাগ করারও হুমকি দিয়েছিলেন তখন।

বিষয়টি ভালোভাবে নিতে পারেনি ভারত। কামালের মন্তব্যে বেশ চটেছে তারা। শোনা যাচ্ছে, ম্যাচের আগে কামালের সঙ্গে শ্রীনির নাকি একটি অনানুষ্ঠানিক বৈঠকও হয়। সেখানে কামাল পুরস্কার বিতরণীতে তার হাত দিয়ে ট্রফি দেওয়ার যুক্তি হিসেবে আইসিসির গঠনতন্ত্রের কথা তুলে ধরেন। কিন্তু শ্রীনি তা আমলেই নেননি। বরং তাকে কোণঠাঁসা করে রাখার ব্যবস্থা করেন।

স্পট ফিক্সিংয়ের বিতর্কের বোঝা মাথায় নিয়ে এই শ্রীনিকে কিন্তু আদালতের নির্দেশে সরে যেতে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতির পদ থেকে। এমন বিতর্কিত ব্যক্তি কিনা এখন আইসিসির সর্বময় ক্ষমতার অধিকারী!।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি