স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলা রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
২০২১ সালে শেষবার দেশের হয়ে খেলা ডানহাতি এই পেসার জানিয়েছেন, জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার ইচ্ছা আছে। বিদায়ী বার্তায় পরিবার থেকে শুরু করে বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আশা প্রকাশ করেছেন জীবনের বাকি সময়টাতে সবাইকে পাশে পাওয়ার।
ফেসবুকে রুবেল লেখেন, ‘জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।’
ওয়ানডে দিয়ে ২০০৯ সালে অভিষেক হয় রুবেলের। একই বছর অন্য দুই ফরম্যাটেও ম্যাচ খেলেন। তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ২০১৫ সালের বিশ্বকাপ। ইংল্যান্ডকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেওয়ার ম্যাচে ৫৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। রুবেলের শিকার হন ইয়ান বেল, ইয়ন মরগ্যান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। শেষ ব্যাটার হিসেবে অ্যান্ডারসনকে বোল্ড করে দেওয়া তার দৌড় তো বাংলাদেশের ক্রিকেটে অতি পরিচিত দৃশ্যেই পরিণত হয়েছে।
রুবেল ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন। টেস্টে ও ওয়ানডেতে তার একটি করে ফাইফার রয়েছে। ৩৬ বছর বয়সি এই পেসার শেষ স্বীকৃত ম্যাচ খেলেছেন গত বছরের জানুয়ারিতে, বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে।




















































