রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


যন্ত্রপাতি সংকট ও নানা অনিয়মে জর্জরিত কুমেক হাসপাতাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৫

cmc-1

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ল্যাপারোস্কপি মেশিনের কৃত্রিম সমস্যা দেখিয়ে ডাক্তারের বাণিজ্য
দেড় বছর ধরে ডিজিটাল এক্সরে মেশিন নষ্ট
কালার ডপলার মেশিন নষ্ট বলে রোগিদের নানা হয়রানি
এম আর আই মেশিনে সেবা পায় না বেশির ভাগ রোগি
সিটি স্ক্যানের পিকচার টিউব এক বছর ধরে নষ্ট

যন্ত্রপাতি সংকট ও নানা অনিয়মে জর্জরিত হয়ে আছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি। নগরীর কুচাইতলীতে অবস্থিত ৫০০ বেডের এ হাসপাতালটিতে চলছে নানান অনিয়ম। গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির অভাব, নষ্ট হয়ে পড়ে থাকা যন্ত্রপাতি এবং অনেক ক্ষেত্রে ডাক্তার ও কর্মচারিদের নিজেদের বানানো কৃত্রিম সংকটে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে দূর-দূরান্ত থেকে ছুটে আসা রোগি ও তার সাথের লোকজন। সরেজমিনে ঘুরে পাওয়া তথ্যের ভিত্তিতে নি¤েœর এই প্রতিবেদন।

ল্যাপারোস্কপি মেশিনের কৃত্রিম সমস্যা দেখিয়ে ডাক্তারের বাণিজ্যঃ
কিডনিতে পাথর রয়েছে এমন রোগি কুমেক হাসপাতালে গেলে ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিরাশ করে কুমিল্লার কয়েকটি প্রাইভেট হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। বেশিরভাগ সময়ই এ মেশিনটি নষ্ট বলে ডাক্তাররা জানান। আবার অনেক ক্ষেত্রেই বলে থাকেন মেশিন আছে , তবে তা উন্নত মানের নয়। আপনার যে গভীর সমস্যা তাতে এ মেশিন দিয়ে অপারেশন সম্ভব নয়। আপনি প্রাইভেট হাসপাতালে চলে যান। মুরাদনগর উপজেলার বাসিন্দা মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল জানান, আমার শাশুড়ির কিডনিতে পাথর হয়েছে। আমি এ বিষয়ে পরামর্শ করার জন্য কুমেক হাসপাতালের পরিচালকের কাছে যাই। তিনি মুঠোফোনে কথা বলে ল্যাপারোস্কপি মেশিনটি সচল আছে কি না জানতে চাইলে ইউরোলজি বিভাগের প্রধান ডাঃ সিরাজুল ইসলাম মেশিনটি সচল আছে বলে নিশ্চিত করেন, এর পর পরিচালক আমাকে অতন্ত আন্তরিকতার সহিত পরদিন সকালে ডাঃ সিরাজুল ইসলামের সাথে সাক্ষাতের পরামর্শ দেন । পরদিন সকালে আমি কয়েকজন সহকর্মীসহ ডাক্তারের সাথে দেখা করলে  তিনি রোগির কাগজপত্র খুব একটা না দেখেই আমাকে মেশিনটি নষ্ট বলে জানান। হয় আপনার রোগিকে ঢাকায় নিয়ে যান , নতুবা কুমিল্লার প্রাইভেট হাসপাতালে ( একটি প্রাইভেট হাসপাতালের নাম বলে) নিয়ে যান। সেখানে ভালো ল্যাপারোস্কপির মেশিন রয়েছে। এ বিষয়ে পুনরায় কুমেক পরিচালকের সরনাপন্ন হলে তিনি ওই ডাক্তারের মুঠোফোনে কল করে পুনরায় বিষয়টি জানতে চান। তখন ওই ডাক্তার পরিচালকের সাথে বলেন, কুমেকের ল্যাপারোস্কপির মেশিন অত উন্নত মানের নয়। এত ভিতরে প্রবেশ করিয়ে পাথর সরানো সম্ভব নয়।
এদিকে ওই ডাক্তারের পরামর্শানুযায়ী ওই প্রাইভেট হাসপাতালে যোগাযোগ করে জানা যায়, কুমেকের ডাক্তার সিরাজুল ইসলামই এখানে এ ধরনের অপারেশন করেন। এ হাসপাতালে অপারেশন করলে কমপক্ষে ৭০ হাজার টাকা লাগে। সেখান থেকে ওই ডাক্তার পাবেন কমপক্ষে ৪৫ হাজার টাকা। এমন ধরনের অভিযোগ করলেন কুমেকে আসা অনেক রোগি । ওই প্রাইভেট হাসপাতালের কর্মকর্তা আমাকে জানিয়েছে, কুমেক হাসপাতালে যে মেশিনটি রয়েছে তা দিয়ে অপারেশন সম্ভব।
কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ হাবিব আব্দুল্লাহ সোহেল জানান, হয়ত এ মেশিনটি গভীরতম স্থানে প্রবেশ করে পাথর সরাতে সক্ষম হবে না, তাই ডাক্তার হয়ত এ পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে রাজধানীর জাতীয় কিডনি ইন্সটিটিউট (নিকডো) এর পরিচালক প্রফেসর ডাঃ নুরুল হুদা জানান, কুমেক হাসপাতালে এ ধরনের অপারেশনের উন্নতমানের মেশিন সরবরাহ করা হয়েছে। তা সত্ত্বেও কেন এ ধরনের রোগিকে হয়রানি করে রাজধানীতে পাঠানো হচ্ছে তা ক্ষতিয়ে দেখা হবে।

দেড় বছর ধরে ডিজিটাল এক্সরে মেশিন নষ্টঃ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডিজিটাল এক্সরে মেশিনটি গত দেড় বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। যার ফলে রোগিরা স্বল্প মূল্যে এক্সরে করানোর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

কুমেক সূত্র জানায়, প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ডিজিটাল মেশিনটি স্থাপনের পর থেকেই কোন এক্সরে করা যায়নি। মেশিনটি নষ্ট হয়ে আছে শুরু থেকেই।

এ মেশিনটি নষ্ট হওয়ার ফলে হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ রোগিরাও স্ট্রেচারে করে হাসপাতালের বাইরের প্রাইভেট হাসপাতালে এক্সরে করানোর জন্য যেতে হয়। আবার অনেক সময় স্ট্রেচার না পেলে দুজনের কাধেঁ ভর করেও রোগিদের নিতে দেখা যায়। যার ফলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় রোগিদের।

কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ হাবিব আব্দুল্লাহ সোহেল জানান, এ বিষয়টি আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি একাধিকবার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে সার্ভে করে গেছেও। এখন অপেক্ষা করতে হবে।

কালার ডপলার মেশিন নেই বলে রোগিদের হয়রানিঃ

কুমেক ক্যাম্পাসে অবস্থিত পরমানু ও আল্ট্রাসাউন্ড কেন্দ্রে (ইন্সটিটিউট অব নিউকিয়ার মেডিসিন এন্ড এ্যালাইড সাইন্সেস) কালার ডপলার মেশিন নেই বলে অনেক রোগিকে প্রতিনিয়ত ফিরিয়ে দেয়া হচ্ছে। বুড়িচংয়ের বাসিন্দা নাফিজা খাতুন জানান, আমার রোগের পরীক্ষার জন্য পরমানু ও আল্ট্রাসাউন্ড কেন্দ্রে গেলে সেখানে কর্মরত একজন আমাকে প্রাইভেট হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে জানান, এখানে কালার ডপলার মেশিন নেই। একইভাবে বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে আসা এক মহিলা রোগি জানান, আমার রোগের পরীক্ষার জন্য আমার মেয়ের জামাই পরমানু ও আল্ট্রাসাউন্ড কেন্দ্রে যোগাযোগ করলে উক্ত মেশিনটি নষ্ট বলে আমাদের অন্যত্র যাওয়ার পরামর্শ দেন কর্তৃপক্ষ।

কিন্তু কুমেক পরিচালক ডাঃ হাবিব আব্দুল্লাহ সোহেল  জানান, যদিও এ বিভাগটি আমাদের হাসপাতালের আওতাভুক্ত নয়। তবে এখানে কালার ডপলার মেশিন আছে বলে আমি জানি।

প্রাইভেট হাসপাতালে যেতে বলার কারণঃ
কিডনিতে পাথর রয়েছে এমন রোগিদের সরকারি হাসপাতালে অপারেশনে ঔষুধপত্র ছাড়া তেমন আর কিছু লাগে না। এ ক্ষেত্রে সার্জন চিকিৎসকরা অপারেশন বাবদ রোগিদের কাছ থেকে ফি নিতে পারেনা।  কিন্তু প্রাইভেট হাসপাতালে এমন ধরনের রোগি অপারেশন করলে প্রায় ৭০/৮০ হাজার বিল আসে। এক্ষেত্রে একজন ডাক্তার পায় প্রায় ৫০ হাজার টাকা। তাই সরকারিতে না রেখে প্রাইভেটেই রোগিদের স্থানান্তর করতে পচ্ছন্দ করে কিছু কিছু ডাক্তাররা।

এম আর আই মেশিনে সেবা পায় না বেশির ভাগ রোগিইঃ

কুমেক হাসপাতালের নতুন ভবনের নিচতলায় স্থাপিত মেরুদন্ডের সমস্যা জনিত রোগের ( ঘাড় থেকে কোমল পর্যন্ত মেরুদন্ডের ব্যথা) এম আর আই মেশিনটিতে সাধারণ মানুষেরা তেমন সেবা পায় না বললেই চলে। এ মেশিনে মূলত প্রতিদিন সেবা পাচ্ছে ২/৩ জন রোগি, তাও আবার সরকারি ফি ৩ হাজার টাকা দিয়েও বাড়তি ঘুষ দিতে হয় টেকনোলজিষ্ট মামুনকে। নাম প্রকাশে অনিচ্ছুক কুমেকের একাধিক সূত্র জানায়, টেকনোলজিষ্ট মামুনকে বাড়তি টাকা না দিলে রোগিদের নগরীর ঝাউতলা সিটি স্ক্যান সেন্টারে পাঠিয়ে দেয়। শহরের বাইরের অনেক রোগিকেই প্রতিদিন নিরাশ হয়ে প্রাইভেট হাসপাতালে সাড়ে ৬ হাজার টাকা দিয়ে এম আর আই করাতে হয়। আবার অনেক রোগিকে মেরুদন্ডের ব্যথা নিয়ে বাড়িতে ফিরে যেতে হয়। সূত্র জানায়, প্রাইভেট হাসপাতালে রোগি পাঠালে সেখান থেকে একটা কমিশন প্রেরকের পকেটে আসে।
এ বিষয়ে কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ হাবিব আব্দুল্লাহ সোহেল জানান, ঘুষ নেয়ার বিষয়টি আমার জানা নেই। মানুষ তো এখান থেকে সেবা পাচ্ছে।

সিটি স্ক্যানের পিকচার টিউব এক বছর ধরে নষ্টঃ
কুমেক হাসপাতালের সিটি স্ক্যানের পিকচার টিউব গত এক বছর ধরে নষ্ট হয়ে আছে। এটি কিনতে খরচ হবে প্রায় ৬০ লক্ষ টাকা। মাঝে-মধ্যে এমআরআই মেশিন দিয়ে সিটি স্ক্যানের কাজ চালানো হয়। সিটি স্ক্যান মেশিনটি নষ্ট হওয়ায় রোগিরা চরম হয়রানির শিকার হচ্ছে। এখানে সিটি স্ক্যান না করাতে পেরে রোগিদের কুমিল্লার প্রাইভেট হাসপাতালে ছুটে যেতে হয়। আর সেখানেই মোটা অংকের টাকার বিনিময়ে সিটি স্ক্যান করাতে হয়। আর প্রাইভেট হাসপাতালে গিয়ে গরীব-অসহায় রোগিরা নিঃস্ব হয়ে বাড়িতে ফিরে যায়।

কুমেক হাসপাতালে মূলত গরীব-অসহায় বড়জোড় মধ্যবিত্ত পরিবারের লোকজনরাই স্বল্প খরচে উন্নত চিকিৎসার জন্য আসে। কিন্তু যন্ত্রপাতি না থাকা, আবার যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে থাকায় , অনেক ক্ষেত্রে ডাক্তার ও কর্মকর্তাদের সাথে প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অদৃশ্য যোগসাজশ থাকায় ডাক্তাররাই রোগিদের প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য করে। ফলে স্বল্প খরচে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সিংহভাগ রোগিরাই।

০১৬৭৬-৩২৭৫০৪



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি