সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রথম দিনটি টাইগারদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৫

index

স্পোর্টস ডেস্কঃ

চমকের পসরা নিয়েই হাজির হয়েছিল চট্টগ্রাম টেস্টের প্রথম দিন। ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়ায় মিলিয়ে দিনটা কাটল তপ্ত রোদের আভায়। সাগরিকার রানস্বর্গ উইকেটে বিশাল স্কোরই ধারণায় ছিল সবার। অথচ প্রথম ইনিংসে দক্ষিণআফ্রিকা অলআউট ২৪৮ রানে। ‘টেস্টে বাংলাদেশের দুর্বল বোলিং’ প্রতিপক্ষকে  ভড়কে দিয়ে এদিন  হয়ে উঠল বাঘের প্রতিমূর্তি।

কোনো টেস্ট ম্যাচের প্রথম দিনে প্রতিপক্ষকে অলআউট করার ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটাল বাংলাদেশ।  প্রথমবার হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালের অক্টোবরে।
সব মিলিয়ে মঙ্গলবার সাদা পোশাকে রঙিন একটা দিনই কাটল বাংলাদেশের।

বোলিংয়ে টাইগারদের এই নবযাত্রায় নেতৃত্বের ব্যাটন ছিল অভিষিক্ত মুস্তাফিজুর রহমানের হাতে। ইনিংসের ৬০তম ওভারে তার বাঁ-হাতের ধ্বংসলীলা ভেঙে দেয় প্রোটিয়াদের ব্যাটিং মেরুদণ্ড। চার বলের মধ্যে আমলা, ডুমিনি, ডি কক মুস্তাফিজের শিকার হন। ওই ওভারই গড়ে দেয় প্রথম দিনের চিত্রনাট্য। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ উইকেটটা নেন এই মুস্তাফিজই।

শেষ বিকালে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওভারে বিনা উইকেটে ৭ রান তুলেছে বাংলাদেশ। তামিম ১, ইমরুল ৫ রানে ব্যাট করছেন।

উইকেটে বোলারদের জন্য বলার মতো কিছুই নেই।  সকালে সাগরিকার রানস্বর্গ, প্রাণহীন উইকেটে কাউকে আউট করা কঠিন কর্মই মনে হয়েছিল। ইনিংসের দুই ওভারেই ১৮ রান তুলে যার ইঙ্গিতও দিয়েছিল টসজয়ী দক্ষিণ আফ্রিকা। দিনটার রূপরেখা তখন ভিন্ন কিছুই আঁচ করেছিলেন অনেকে। কিন্তু দিন শেষে সবই ফিকে হয়ে গেল বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে। প্রথম সেশনে ১০৪ রান তুলে সফরকারীরা। দ্বিতীয় সেশনে ৬১ রান। শেষ সেশনে ৮৩ রান তুলতে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস।

এর আগে দলীয় ৫৮ রানে ভাঙে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি। মাহমুদউল্লাহর লেগ স্ট্যাম্প অতিক্রম করতে চলা নীরিহ বলে গ্ল্যান্স করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন ভ্যান জাইল। তিনি ৩৪ রান করেন। লাঞ্চের আগে বাকি সময়টা কাটিয়ে দেন ডু প্লেসিস ও ডিন এলগার। কিন্তু লাঞ্চের পরই খোলসে ঢুকে যায় প্রোটিয়া ব্যাটসম্যানরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শ্লথ হয়ে আসে তাদের রানের চাকা।

এলগার ও ডু প্লেসিসের ৭৮ রানের জুটি বিচ্ছিন্ন হয় এক ঘণ্টায় ঘনীভূত হওয়া চাপে। ৪৭তম ওভারে তাইজুলের বলে লিটনের কাছে ক্যাচ দেন এলগার। তিনি ৪৭ রান করেন। পরের ওভারেই ডু প্লেসিস ফিরে যান। সাকিবের বলে এলবির ফাঁদে পড়ার আগে ডু প্লেসিস ৪৮ রান করেন।

চা-বিরতির পর তৃতীয় ওভারে মুস্তাফিজের বোলিং-ঝড়ে দিক হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। ৪ ওভারের এক স্পেলে এই বাঁহাতি কাঁপিয়ে দিয়েছেন সফরকারীদের। ৬০তম ওভারে ধ্বংসলীলা নিয়েই হাজির হন অভিষিক্ত মুস্তাফিজ। পর পর দুই বলে এই পেসারের শিকার হন হাশিম আমলা ও জেপি ডুমিনি। হ্যাটট্রিক ঠেকালেও পরের বলেই উড়ে গেছে ডি ককের স্ট্যাম্প। টেস্ট ক্রিকেটে ৩৬তম বোলার হিসেবে চার বলে তিন উইকেট নেন মুস্তাফিজ। ওভারের প্রথম বলে বাইরের বল তাড়া করতে গিয়ে আমলা (১৩) ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। পরের বলেই ডুমিনিকে এলবির ফাঁদে ফেলেন বাঁহাতি এই পেসার। আম্পায়ার উইলসন আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। চতুর্থ বলে ডি ককের স্ট্যাম্প ছত্রখান হয়ে যায়।

মুহূর্তের ঝড়ে ৩ উইকেটে ১৭৩ থেকে ৬ উইকেটে ১৭৩ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।  আকস্মিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিল বাভুমা-ফিল্যান্ডারের জুটি। তাদের ৩৫ রানের জুটি ভাঙেন জুবায়ের। ২৪ রান করা ফিল্যান্ডার স্লিপে সাকিবের হাতে ক্যাচ দেন। যদিও ১৮ রানে স্লিপে ইমরুলের হাতে জীবন পেয়েছিলেন ফিল্যান্ডার।

সপ্তম উইকেটে হার্মার-বাভুমাও প্রতিরোধ গড়েছেন। তারা ২৯ রান যোগ করেন। তিন বলের মাঝে হার্মার ও ডেল স্টেইনকে আউট করে প্রোটিয়াদের ব্যাটিং লেজটার আকার ছোট করে আনেন জুবায়ের। ওভারের দ্বিতীয় বলে হার্মারের (৯) পুল শর্ট মুমিনুলের হাত ও পেটের মাঝে আটকে যায়। চতুর্থ বলে ডেল স্টেইন আকাশে বল তুলে ফিরে যান।

৫১ রানে ইমরুলের হাতে জীবন পাওয়া বাভুমাকে আউট করেই প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ করে দেন মুস্তাফিজ। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা  বাভুমা ৫৪ রান করেন। মরকেল ৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৪টি, জুবায়ের ৩টি, সাকিব-মাহমুদউল্লাহ-তাইজুল ১টি করে উইকেট নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি