পূর্বাশা ডেস্কঃ
আগামী দুই তিন মাসের মধ্যে সরকার বিরোধী আন্দোলনের কোন পরিকল্পনা নেই বিএনপির। দল গোছানোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। এনিয়ে কাজও শুরু করেছেন তিনি। তারপরেও বিএনপির নেতাদের মাঝে স্বস্তি নেই। পরিস্থিতি স্বাভাবিক হলেও গ্রেপ্তার ও মামলার ভয়ে তাদের অনেকেই এখনও ঘড় ছাড়া।
মন্ত্রিপরিষদের একজন সদস্য জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ শতাধিক বিএনপি নেতার জন্য আগষ্ট-সেপ্টেম্বরে কঠিন সময় আসছে। এই সময়ের মধ্যে ওই সব নেতাদের মামলার বেশিরভাগই চার্জ গঠন করা হবে ও কোন কোন মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে খালেদা জিয়াসহ বিএনপির অন্যান্য নেতাদের মামলা নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। টাকা পাওয়ার পরই প্রথমে ঢাকায় এর কার্যক্রম শুরু করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির মামলা ছাড়াও এই সময়ে খালেদা ও বিএনপির অন্যান্য নেতাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন সময়ে অরাজকতা, সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলা ও নিহতের ঘটনার বিচার কাজ শুরু হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে এ সংক্রান্ত চারটি হত্যা মামলায় চার্জ গঠনের অপেক্ষায় রয়েছে। অন্যান্য মামলায় প্রতিবেদন দাখিল হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমান এখন দল গোছানোর পাশাপাশি নিজেদের মামলা নিষ্পত্তির দিকে কিছুটা সময় দিচ্ছেন। এনিয়ে আইনজীবীদের পরামর্শ দিচ্ছেন। সেই সঙ্গে বিএনপির যেসব নেতা কারাগারে রয়েছেন তাদের জামিনে মুক্তির বিষয়ে কাজ করছেন। বেগম খালেদা জিয়া আমাদের পরামর্শ দিয়েছেন আপনারা কঠোরভাবে আইনী লড়াই করুন। যাতে সরকার কোনভাবেই আমাদের শাস্তি দিতে না পারে। আমি ও আমার ছেলে কোন দুর্নীতি করিনি, বিএনপি কোন পেট্রোল বোমা হামলার সঙ্গে জড়িত নয় সেটাও প্রমাণ করতে হবে। এজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ারও কথা বলেছেন। আমরা সেভাবে এগুচ্ছি। এছাড়াও বিএনপির অন্যান্য নেতাদের জামিনে মুক্ত করার জন্য চেষ্টা করছি।
দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাষ্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাষ্টের পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলার শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ৩ আগস্ট। বৃহস্পতিবার দুদকের দুই মামলারই বাদী ও সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদকে খালেদা জিয়ার আদালতে উপস্থিতিতে জেরা শুরু করেন খালেদার আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুবু হোসেন। হারুনের সাক্ষীর জেরা শেষ হলে বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে। যদিও খালেদা জিয়ার তরফ থেকে এর আগে শুনানি মুলতবি চেয়ে আবেদন করা হয়। তবে এর পক্ষে কিংবা বিপক্ষে কোনো আদেশ বা নির্দেশ দেননি বিচারক। তিনি শুনানি অব্যাহত রাখেন। সেই হিসাবে শুনানী চলছে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ছয়জন আসামীর মধ্যে খালেদা জিয়া ছাড়াও তার পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও আসামী। তার বিরুদ্ধেও বিচার চলছে।
এই মামলায় তারেক রহমান অনপুস্থিত থেকে তার আইনজীবীর মাধ্যমে হাজিরা দিচেছন। খালেদা ৬৮ কার্যদিবসে ১১ দিন হাজির হন। তিনি হাজির না হওয়ার কারণে গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৫ এপ্রিল খালেদা ওই আদালতে হাজির হয়ে জামিন নেন। এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলচালাকালীন মামলাগুলোরও দিন ধার্য রয়েছে আগষ্ট ও সেপ্টেম্বরে।
এদিকে সেপ্টেম্বরে তারেক রহমানের বিরুদ্ধেও একাধিক মামলার শুনানী ও প্রতিবেদন দাখিলের দিন রয়েছে। এরমধ্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আদালত ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ২৩ জুলাই এই প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত প্রতিবেদন না পাওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ দিন ধার্য করেন।
এদিকে তারেক রহমান ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির আরো ১২ নেতার মামলার চার্জ শুনানি হবে ১০ সেপ্টেম্বর। আদালত মতিঝিল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ শুনানি করার জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ২৩ জুলাই এ চার্জ গঠন করার দিন থাকলেও ফখরুল ইসলাম অনপুস্থিত ছিলেন। তিনি অসুস্থ হওয়ার কারণে আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জাকিয়া পারভীন এ দিন ধার্য করেন।
এদিকে এই তিন গুরুত্বপূর্ণ নেতা ছাড়াও বিএনপির আরো শতাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলার দিন ধার্য রয়েছে আদালতে। খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার ও সরকার পক্ষের আইনজীবীরা চেষ্টা করছেন দ্রুত মামলাগুলোর চার্জ গঠন করতে ও মামলা শেষ করতে। তারা যে সব উদ্যোগ নিচ্ছে এর প্রেক্ষিতে আমরাও ব্যবস্থা নিচ্ছি।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার। টাকা পেলেই প্রথমে ঢাকায় বিশেষ ট্রাইব্যুনাল করবো। সেই হিসাবে দ্রুত টাকা পেলে ১/২ মাসের মধ্যে মামলার চার্জ গঠন ও বিচার কাজ শুরু হবে। তিনি বলেন, কোন মামলা রাজনৈতিক বিবেচনায় করা হচ্ছে না। তারা ঘটনা ঘটিয়েছেন বলেই করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও পেট্রোল বোমা বিএনপি করে না দাবি করে। কিন্তু তারাতো ঘটনাগুলো ঘটিয়েছেন। এসব মামলা নিষ্পত্তি করে তাদেরকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইনমন্ত্রণালয় প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। আমরা সর্বাত্বক সহযোগিতা করছি।


























































