রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » মন্ত্রী ও সাংসদদের স্বজন, অনুসারিদের নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা


মন্ত্রী ও সাংসদদের স্বজন, অনুসারিদের নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৫

cleg20150412113322_62551_636571

বিশেষ প্রতিবেদনঃ

দুই মন্ত্রী ও দুই সাংসদের স্বজন ও অনুসারীদের  নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অনেকটা অচেনা মুখের কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

পদপ্রাপ্তদের বেশির ভাগই ‘অচেনা’ ও ‘অছাত্র’ বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ওই কমিটির অনুমোদন দেন।
নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ছয় সদস্যের কমিটির সভাপতি পদে আবু তৈয়ব; সহসভাপতি মিজানুর রহমান ও শাহাদাৎ হোসেন; সাধারণ সম্পাদক পদে লোকমান হোসেন; সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ওমর ফারুক মির্জা ও হোসেন মো. মনির। মিজানুর রহমান ও লোকমান হোসেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের অনুসারী। শাহাদাৎ হোসেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের, ওমর ফারুক মির্জা কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন এবং হোসেন মো. মনির কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সাংসদ মো. তাজুল ইসলামের অনুসারী। আবু তৈয়ব কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাবা মুহাম্মদ আবু তাহের দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। লোকমান হোসেন রেলপথমন্ত্রীর বোনের নাতি। তিনি চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক। শাহাদাৎ হোসেন নাঙ্গলকোট পৌরসভার একটি ওয়ার্ডের সদস্য। হোসেন মো. মনির মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ছয় সদস্যবিশিষ্ট কমিটির বেশির ভাগই জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে ‘অচেনা’ মুখ। তাঁদের কারও ছাত্রত্ব নেই।
জানতে চাইলে লোকমান হোসেন বলেন, ‘কমিটির বেশির ভাগ সদস্যকে আমি চিনি না। আমি মাস্টার্স পাস করে এলএলবিতে ভর্তি হয়েছি।’
দক্ষিণ জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ বলেন, কমিটিতে ঠাঁই পাওয়া ব্যক্তিরা উপজেলা পর্যায়ের নেতা-কর্মী। জেলায় তাঁরা অচেনা মুখ।
২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনের যাত্রা শুরুর পর প্রথমবারের মতো মহানগর ছাত্রলীগের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। তিন মাসের জন্য ওই কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক আবদুল আজিজ ও যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাঈমুল হক, গোলাম সারোয়ার, সাইফুল আলম, ফয়সাল হোসেন, নূর মোহাম্মদ ও সাকিব আল হাসান। এর মধ্যে আহ্বায়কসহ চারজন সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী। অন্য তিনজন রেলপথমন্ত্রীর অনুসারী। আবদুল আজিজ সদর আসনের সাংসদের বড় ভাইয়ের ছেলে।
মহানগর কমিটিতে পদপ্রত্যাশী ছিলেন—এমন অন্তত পাঁচজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যাঁদের নাম এসেছে, তাঁদের তুলনায় রাজপথে আমরা সক্রিয় ছিলাম। কিন্তু অচেনাদের দিয়েই কমিটি ঘোষণা করা হয়।’
২০১১ সালের ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। ওই কমিটি দীর্ঘ সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। এ অবস্থার মধ্য দিয়ে নতুন করে ৬  সদস্যবিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়। ২০০৩ সালে কুমিল্লা শহর ছাত্রলীগের কমিটি হয়েছিল। এক যুগ পর কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি