মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে। মাত্র দেড় মাসেই ১২ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এসব হামলায় ৪ জন নিহত, আহত হয়েছেন দেড়শতাধিক ব্যক্তি।
একের পর এক হামলার ঘটনা ঘটলেও এর কোনো কিনারা করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় হামলা হওয়ায় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে পরিকল্পনাকারীরা।
নিরাপত্তা ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর হামলা সন্ত্রাসের নতুন রূপ। এর আগে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। ধমীর্য় প্রতিষ্ঠানে হামলা করে সাম্পদায়িতাকে উসকে দিচ্ছে তারা।
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে দায় স্বীকার করা হলেও সরকারের তরফে বলা হচ্ছে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ছাড়াও সম্প্রতি হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন বিদেশি নাগরিকও।
সন্ত্রাসীরা হামলা করেছে মসজিদ, শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতি সমাবেশে আর ইসকন মন্দিরে। সর্বশেষ গতকাল রাজশাহীর মাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
চট্টগ্রামে নৌবাহিনী ঘাঁটি ঈশা খাঁ মসজিদে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ৬ জন মুসল্লি আহত হন। এ সময় অবিস্ফোরিত বেশ কয়েকটি ককটেলসহ একজনকে আটক করা হয়।
এসব হামলার কয়েকটির সঙ্গে জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেলেও বেশির ভাগ ঘটনার কোনো কিনারা করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনি এক পরিস্থিতিতে পুলিশ ও গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে। সরকারও ভীষণ উদ্বিগ্ন।
সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ ও গোয়েন্দাদের তদন্তে এসব হামলায় জেএমবির জড়িত থাকার বিষয়টি বেরিয়ে এসেছে। দিনাজপুরে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার জেএমবি সদস্য শরিফুল ইসলাম ইতালীয় পাদ্রি হত্যাচেষ্টায় জড়িত থাকার কথাও স্বীকার করে জবানবন্দি দয়েছেন।
একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটলেও সরকারের দাবি : কোনো সমস্যা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। কোনো সমস্যা নেই। ধর্মীয় যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেসব অপরাধী চিহ্নিত করা গেছে। কেউ কেউ গ্রেফতারও হয়েছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, এসব হামলা রোধে এবং হামলাকারীদের শনাক্ত করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদ কমিটিগুলো যাচাই করে দেখা হচ্ছে। এ ছাড়া ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সিসিটিভির আওতায় আনা হচ্ছে। পুলিশের একজন পদস্থ কর্মকর্তা বলেন, অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় হামলা হওয়ায় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন পরিকল্পনাকারীরা। এসব হামলা ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর সন্ত্রাসের নতুন রূপ। এর আগে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। নিরাপত্তা সংশ্লিষ্টরাও এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করেননি।
দেড় মাসে ১২ হামলা : গত দেড় মাসে দেশের ১২ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। মূলত, শান্তিপ্রিয় এলাকা হিসেবে পরিচিত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোয় এ ঘটনা ঘটেছে। মসজিদ, মন্দির, চার্চ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে। গত ৫ অক্টোবর ঈশ্বরদীর ব্যাপটিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’-এর পাদ্রি লুক সরকারকে শহরের নিজের ভাড়া বাসায় গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। ১৮ নভেম্বর দিনাজপুর শহরের মির্জাপুর বি আরটিসি বাস ডিপোর সামনে ফাদার পিয়ারো পারোলারি নামে এক ইতালীয়কে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পিয়ারো পারোলারি পেশায় চিকিৎসক এবং শহরের সুইহারী ক্যাথলিক মিশন চার্চে ৩০ বছর ধরে কর্মরত ফাদার। ২৬ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে শিয়া মুসলিমদের আল মোস্তফা মসজিদে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মসজিদের মুয়াজ্জিন নিহত এবং তিনজন আহত হন। এশার নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় তাদের ওপর গুলি করা হয়।
২৫ নভেম্বর সন্ধ্যায় রংপুরের ব্যাপটিস্ট চার্চ সংঘের ফাদার রেভারেন্ড বার্নাবাস হেমব্রেসহ ১০ জন পাদ্রিকে চিঠি লিখে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। ২৩ অক্টোবর বোমা হামলায় রক্তাক্ত হয় রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। এতে মারা যান দুজন, আহত হন প্রায় দেড়শ’ ব্যক্তি। রংপুরে কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চেতার মোড়ে ১০ নভেম্বর মধ্যরাতে মাজারের খাদেম রহমত আলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মাসুদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
তিনি বলেন, মাসুদ রানাসহ দুজনকে আটক করা হয়েছে। এর আগে ৪ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজারে মাজারে ঢুকে দুজনকে নৃশংসভাবে জবাই করে খুন করা হয়। এ ছাড়াও ঢাকার বাড্ডা এলাকায় পীর খিজির খান, রাজাবাজারে ধর্মীয় ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুকী, গোপীবাগে কথিত পীর লুৎফুর রহমানসহ ছয়জনকে হত্যার ঘটনা ঘটে।
১০ ডিসেম্বর দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে গুলি ও বোমা ছুড়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে ধাওয়া দিয়ে আটক করার পর পুলিশে দেয়।
মসজিদে জঙ্গিবাদের পক্ষে কোনো কর্মকা- পরিচালনা হয় কিনা তা যাচাই করছে পুলিশ। রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদের কমিটির লোকজন সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, মসজিদ কমিটিতে জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপরাধের সমর্থক আছে কিনা তা খতিয়ে দেখা হবে। দেশব্যাপী প্রতিটি থানায় জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করা হবে। এ কমিটি গঠন হবে পুলিশ ও উলামাদের সমন্বয়ে। যেসব মাদ্রাসা ও মসজিদ কমিটি জঙ্গিবাদে ম“ দেয় সেই ম“দাতাদের চিহ্নিত করা হবে।


























































