ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে, তবে আরো বড় ব্যবধানে জয় পেতে চান ট্রাম্প। বৃহস্পতিবার নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জয়ী হয়েছে। ওয়াশিংটন তেহরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ব্যবস্থা এবং নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে।’
ট্রাম্প আরো বলেন, ‘আমরা ইতিমধ্যেই জিতে গেছি, কিন্তু আমি আরো বড় ব্যবধানে জিততে চাই। তাদের নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। আমরা সব কিছু ধ্বংস করে দিয়েছি।’ তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ থেকে ঘুরে দাঁড়াতে তেহরানের দুই দশক সময় লাগবে।
এখনই যুদ্ধ বন্ধ হলেও ইরানকে পুনর্গঠন করতে ২০ বছর লাগতে পারে।
তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। এটি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। এদিকে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে অবরোধের কারণে ইরানের অর্থনীতি মারাত্মক চাপের মধ্যে রয়েছে।
তার মতে, দেশের মুদ্রাস্ফীতি প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে এবং তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বজায় রাখার অঙ্গীকার করেছে। তারা যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এই উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক তেল বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে, যেখানে তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
























































