নানা প্রতিকুলতা আর চ্যালাঞ্জ মোকাবেলা করেই বাংলাদেশের মেয়েদের ক্রীড়াঙ্গনে জায়গা করে নিতে হচ্ছে। প্রতিকূল অবস্থাতেও বাংলাদেশের হয়ে বিভিন্ন ইভেন্টে সোনা বিজয়ী ২০ জন নারী ক্রীড়াবিদকে শনিবার ঢাকায় সম্মাননা জানাবে ক্রীড়া সাংবাদিকদের একটি সংগঠন। সেখানে থাকছেন এসএ গেমসের সাঁতারে দুটি ইভেন্টে সোনা জয়ী মাহফুজা খাতুন শিলা।
ক্রীড়া জগতে নারীদের অবস্থান বৈষম্য, চ্যালেঞ্জ প্রভৃতি প্রসঙ্গ নিয়ে তার সাথে কথা হলে তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে যেভাবে সাঁতারে যাচ্ছে, বাংলাদেশে এখনো তা সেভাবে পারেনি। এখনো গ্রামের মানুষ ভাবতে পারেনা, সাঁতারের পোষাকে একটা মেয়ে সাঁতার কাটবে। এখনো বাংলাদেশের অনেক পুকুর আছে যেখানে মেয়েদের গোসলের জন্য আলাদাভাবে ঘেরা থাকে, সেখানে কেবল মেয়েরা গোসল করে। এই প্রেক্ষাপট থেকে মেয়েদের উঠে আসার পেছনে বাঁধাতো থাকবেই।’
সাঁতার প্রতিযোগিতার জন্য প্রথমে আপনি গ্রাম থেকে থানা পর্যায়ে গেলেন, সেখান থেকে জেলা পর্যায়ে গেলেন, বিষয়টি অন্যরা কীভাবে দেখছিলো?
‘আমি যদিও বিশেষ কোন সমস্যার সম্মুখীন হইনি। যারা আমাদের সহকর্মী আছেন তারা নানা ভাবে সমস্যার সম্মুখীন হয়। বিভিন্ন জেলার গ্রাম থেকে যে সাঁতারুরা আসেন তাদেরকে এইসব সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষভাবে বলতে গেলে চট্টগ্রামের মেয়েরা সাঁতারে অংশগ্রহণই করছে না। সমস্যার আর একটি বিশেষ দিক হচ্ছে, বিয়ের পরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মেয়েরা আর খেলাধুলার মধ্যে থাকতে পারেনা। বিয়ের পরে মেয়েরা খেলাধুলার মধ্যে থাকবে এটা তারা ভাবতেই পারেনা।
এমন সমস্যার সম্মুখীন আমাকে পড়তে হয়নি কারণ, আমার এলাকার মানুষ খেলাধুলা অনেক বেশি পছন্দ করে। পারিপার্শ্বিক কিছু বিষয় থাকে, যেমন অনেক সময় এমন কথা শোনা যায় যে, মেয়ে যেহেতু বড় হয়ে যাচ্ছে এখন আর খেলাধুলা করানোর দরকার নেই। এভাবে খেলাধুলার মধ্যে থাকলে বিয়ে কীভাবে হবে? খেলাধুলার ফলে হাত-পা ছেলেদের মত হয়ে যাবে তাতে বিয়ে দেয়া কঠিন হবে।
এছাড়া মাবিয়ার কথা যদি বলি তবে মাবিয়াকে নিয়ে অনেক রকম কথা হয়েছে যেমন, ছেলেদের মত শরীরের গঠন হলে তাকে কে বিয়ে করবে- এই সমস্ত কথা। মাবিয়া এই ধরণের সমস্যার সম্মুখীন হয়েছে।’
বাংলাদেশে খেলাধুলার অনেকগুলো সেক্টর থেকে মেয়েরা ভালো করছে। খেলাধুলায় বাংলাদেশের মেয়েদের উঠে আসা কি খুব কঠিন কিছু?
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই কঠিন বিষয়। খুলনার ফুলতলায় যারা অ্যাথলেটিকস্রে ট্রেনিং করেছে, তাদের কথা যদি বলি তারা গ্রামের ভেতরে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। ফুলপ্যান্ট পড়ে ট্রেনিং করা আর হাফপ্যান্ট পড়ে ট্রেনিং করা কিন্তু এক কথা নয়। গ্রামের মেয়েরা হাফপ্যান্ট পড়ে বা গ্যাঞ্জি পড়ে খেলাধুলা করতে পারছে না, নানা রকম কথার সম্মুখীন হতে হচ্ছে। অ্যাথলেটিকস্ বলেন, বাংলাদেশের মেয়েরা যে ভালো করছে এটা আমাদের ভাগ্যের ব্যপার। নানান প্রতিকূলতার মধ্যেও মেয়েদের এই অগ্রগতি সত্যিই ভালো লাগার।’
আপনি যে প্রতিকূলতার কথা বললেন, কর্তৃপক্ষের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে কি পুরুষ-নারী সমান সুবিধা পেয়ে থাকে?
‘ছেলেদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সারা বিশ্বের নিয়ম হচ্ছে, যে দেশ যেখানেই খেলতে যাবে সাথে একজন মেয়ে খেলোয়াড় পাঠাতে হবে। এরকম নিয়ম না থাকলে হয়তো মেয়ে খেলোয়াড় পাঠাতো না। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রেও মেয়েরা বৈষম্যের স্বীকার হয়েছে এবং হচ্ছে। এই প্রতিবন্ধকতাগুলো যদি মেয়েরা কাঁটিয়ে উঠতে পারে তবে মেয়েদের আরও অনেক অগ্রগতি সম্ভব।’


























































