স্টাফ রিপোর্টার:
জগৎ জননী মহামায়া দেবী দুর্গা জানিয়ে দেয় আগমনী বার্তা। ঢাকের বাজনার হৃদয়ের মাঝে মৃদুস্বরে বেজে উঠছে অফুরন্ত আনন্দ। পুজোর আর মাত্র কয়েকটা প্রহরের অপেক্ষায়ৃৃৃৃ। দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে বছরে দু’বার অনুষ্ঠিত হয়। একবার বসন্তকালে, আরেকবার শরৎকালে। বসন্তকালের দুর্গাপূজাকে বলা হয় বাসন্তী পূজা, আর শরৎকালের দুর্গাপূজাকে বলা হয় শারদীয় দুর্গাপূজা। তবে শরৎকালের শারদীয় দুর্গাপূজাই বাঙ্গালী সনাতনধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব।
লাকসাম উপজেলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে খুশির আমেজ। পরিবারের জন্য অনেকেই শেষ করেছেন পূজার নিত্য নতুন কেনা-কাটা, শিশু কিশোরদের মাঝে চলছে সবচেয়ে বেশি খুশির আমেজ।
লাকসাম উপজেলায় এবার ৩২টি পূজা মন্ডপে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরীতে তুলির শেষ আঁচড় তুলতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন পূজা মন্ডপে আলোকসজ্জাসহ প্যান্ডেলের সাঁজ-সজ্জার কাজও শুরু হয়ে গেছে।
পঞ্জিকা মতে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গা উৎসব আগামী ৭ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে লাকসামের পূজা মন্ডপগুলোতে চলছে দুর্গা উৎসবের ব্যাপক প্রস্তুতি। এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আগমন এবং পালকিতে গমনের মধ্য দিয়ে শুরু হবে।
লাকসাম কালি বাড়ি, উত্তর বাজার বণিক্য বাড়ি, জগন্নাথ দেবালয়, সুভাষ বনিকের বাড়ি, রাজ রাজেস্বরী মন্দির, পশ্চিমগাঁও সাহা পাড়া, ধামৈচা, জেলে পাড়া, মিশ্রী, জংশন মেডিকেল কলোনী, উদইর, উত্তর গাজীপুর, চুনাতি, শ্রীয়াং, চুমুরিয়াসহ এবার ৩২ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বিভিন্ন পূজা মন্ডপে স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মৃৎশিল্পীরা রাত-দিন প্রতিমা তৈরী করে এখন তুলির শেষ আঁচড় তুলছেন।
লাকসাম উপজেলা পূজা উদ্যাপন কমিটি জানায়, গতবারের চেয়ে এ বছর আরও জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। এরই মধ্যে সকল আয়োজন সম্পন্নের পথে। এছাড়াও শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে উপজেলা ও পুলিশ প্রসাশনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

















































