ডেস্ক রিপোর্ট: ক্ষমতায় আসার পর উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন গত ৫ বছরে তিন শতাধিক মানুষকে মৃত্যুদ- দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য ইনডিপেন্ডেন্ট। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিসংখ্যান ইনস্টিটিউট’র (আইএনএসএস) বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্যই কিমকে নির্মম বিচারের পথকে বেছে নিতে হয়েছে।
জানা গেছে, ২০১১ সালের পর থেকে মৃত্যুদন্ডে দন্ডিত ৩৪০ জনের মধ্যে ১৪০ জনই উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা। এর মধ্যে গত আগস্টেই মিটিংয়ে ঘুমিয়ে পড়ার অপরাধে একজন সরকারি কর্মকর্তাকে বিমান বিধ্বংসী গোলা দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। একই সময়ে অন্য আরেকজন কর্মকর্তাকে বিরুদ্ধাচারণের অভিযোগে মৃত্যুদন্ড দেওয়া হয়।
নিরাপত্তা বিশ্লেষক ব্রুস ব্যানেট সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, বাবার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত উন চরম নির্মম পথেই হাঁটছেন।
উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার ৫ বছরের মধ্যেই কিম অন্তত ৫ বার তার প্রতিরক্ষামন্ত্রীকে পরিবর্তন করেছেন, যেখানে ১৭ বছরে তার বাবা মাত্র তিনবার এমনটি করেছিলেন। আর এই তিনবারের মধ্যে দুইবারই স্বাভাবিক মৃত্যুজনিত কারণে এমনটি করতে হয়েছিলো।
কিম সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদন্ড দিয়েছিলেন তিন বছর আগে। এসময় তিনি তার ফুফাসহ প্রায় ৫০ জন কর্মকর্তার মৃত্যুদন্ড দেন।
জানা গেছে, কিম তার বাবার আমলের দেহরক্ষীদের উপর বিশ্বাস রাখতে পারছিলেন না। এ কারণে এসব দেহরক্ষীদের অনেককেই ছাটাই এবং কয়েকজনকে মৃত্যুদন্ড দিয়েছেন তিনি।
দ্য ইনডিপেন্ডেন্ট


























































