বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সুপ্রিম কোর্টের ভাস্কর্য বিতর্কে নিরব আওয়ামী আইনজীবীরা


সুপ্রিম কোর্টের ভাস্কর্য বিতর্কে নিরব আওয়ামী আইনজীবীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে গ্রীক দেবী থেমিসের মূর্তি(ভাস্কর্য) অপসারণ না হলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেবে হেফাজত ইসলাম বাংলাদেশ। একই বিষয়ে সুপ্রিম কোর্ট বরাবর আবেদন করে ব্যর্থও হয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। নির্দিষ্ট সময়ের মধ্যে মূর্তিটির অপসারণ না হলে আন্দোলন না করে তারা আইনত ব্যবস্থাকেই বিকল্প হিসেবে ভাবছেন।

তবে ভাস্কর‌্য অপসারণের নামে চলমান যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চলছে বলে মন্তব্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির। অন্যদিকে ভাস্কর‌্য স্থাপনে পরামর্শ না করায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মাঝেও প্রকাশ পেয়েছে চাপা অসন্তোষ। ফলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর‌্য অপসারণে তৈরি হয়েছে ‘ঘোলাটে’ পরিবেশ।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, সুপ্রিম কোর্টের ভাস্কর্য অপসারণের দাবিটি আক্রোশের বসে তোলা হয়েছে। প্রথম কথা হলো, হেফাজত এটা করছে যুদ্ধাপরাধীদের যে বিচার আমরা চাচ্ছি সেটাকে বন্ধ করার জন্য বা অন্যদিকে সরানোর জন্য। কারণ আক্রোশটা সুপ্রিম কোর্টের উপর। সুপ্রিম কোর্টই যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দিচ্ছে। দ্বিতীয়ত, তারা এটাকে মূর্তি বলছে। কিন্তু এটা মূর্তি নয়, এটা ভাস্করর‌্য। পৃথিবীর বহু দেশে এই জাস্টিশিয়ারি ভাস্কর‌্য রয়েছে। সৌদি আরব থেকে শুরু করে, তুরস্ক, পাকিস্তানসহ পৃথিবীর বহু মুসলিম প্রধান দেশে এই ভাস্কর‌্য আছে। তাহলে আমাদের দেশে কেন ভাস্কর‌্য থাকতে পারবে না? মূলত এটা হচ্ছে পুরোটাই তাদের রাজনৈতিক বদমায়েশি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আক্রোশ মেটাবে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, এমন কর্মকাণ্ড সরকারকেই প্রতিহত করতে হবে। সরকার তা না পারলে সচেতন মানুষদের সঙ্গে নিয়ে গণজাগরণ মঞ্চ এর বিরুদ্ধে আন্দোলন করবে।

তবে হেফাজত ও ওলামা লীগের বিবৃতির পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানান, এসব বিষয়ে তাদেরকে এখনো জবাব দেইনি। তাদেরকে জবাব দেওয়ার বিষয়ে এখনো আমার কাছে কোনো নির্দেশনা এসে পৌঁছায়নি।

বিগত ছয় দিনে সুপ্রিম কোর্টে পাঠানো ‘ভাস্কর‌্য অপসার‌ণ’ বিষয়ক আবেদনের উত্তর না পেয়ে বুধবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘সুপ্রিম কোর্টের সামনে গ্রীক মূর্তি স্থাপন এদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এমনকি রাষ্ট্রধর্ম ইসলামের সঙ্গেও সাংঘর্ষিক। এটা সংবিধানের ২ (ক), ১২ এবং ২৩ অনুচ্ছেদের সম্পূর্ণ বিরোধী’।

বিবৃতি শেষে এবার সুপ্রিম কোর্ট বরাবর নোটিস ফর জাস্টিস ডিমান্ড(বিচার প্রার্থনা চেয়ে নোটিস) পাঠাবে ওলামা লীগ। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিসের উত্তর না পেলে রিট দায়ের করা হবে বলে পরিবর্তনকে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ।

এদিকে পরামর্শ ছাড়া ভাস্কর‌্য স্থাপন করায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মাঝে প্রকাশ পেয়েছে চাপা অসন্তোষ।

ভাস্কর‌্যটি সম্পর্কে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, ‘সুপ্রিম কোর্টে ভাস্কর‌্য রাখা না রাখা প্রশাসনিক ব্যাপার। তারা(সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ) বার সমিতির সঙ্গে এ বিষয়ে কোনো আলাপ-আলোচনা করেনি। করলে এর যথার্থতা নিয়ে বলতে পারতাম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছেন, রেজিস্ট্রার আছেন। তারা কেউ আমাদের সঙ্গে পরামর্শ করলেও আমরা বিষয়টি সম্পর্কে বলতে পারতাম’।

প্রায় একই মত প্রকাশ করেন সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘এটা সপ্রিম কোর্টের বিষয়। বিষয়টি সুপ্রিম কোর্ট বারের সঙ্গে সম্পৃক্ত নয়। এটি সুপ্রিম কোর্টের এখতিয়ারাধীন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এ বিষয়ে ভালো জানবেন। তবে বিষয়টি স্পর্শকাতর। তাই সুপ্রিম কোর্ট বারের প্রতিনিধিদের সঙ্গে কথা না বলে এ বিষয়ে মন্তব্য করতে চাই না’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি