জিয়া অরফানেজ ট্রাষ্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির ।
তিনি বলেন, ম্যাডাম সকাল ১০টার দিকে আদালতের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন। আশা করছি ১১টা নাগাদ তিনি আদালতে পৌঁছাবেন।
পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দু’টির বিচারকাজ চলছে।
মামলা দুইটির মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট্র মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য রয়েছে। আর অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়া গত ২ ফেব্রুয়ারি আত্মপক্ষ শুনানি করেছেন দুদকের পক্ষ থেকে দাবি করা হলেও আসামিপক্ষের আইনজীবী সেটা মানতে অপরাগ। তাদের দাবি , খালেদা জিয়া আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন। এমতাবস্থায় তিনি আত্মপক্ষ শুনানি করেন নি।
এদিকে ওইদিনই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে একটি আবেদন করলে তা খারিজ করেন আদালত। এরপর আদালত বদলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদনটি করেছেন খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় গত বছর ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে সম্পূন্নভাবে নির্দোষ দাবি করেন। এরপর তিনি আদালতে একটি লিখিত বক্তব্য দেন। ওইদিন তার বক্তব্য শেষ হয়নি।
উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে র্চাশিট দাখিল করে দুদক।
মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।
এতিমদের জন্য বিদেশী থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
চার্জশিটে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।
মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু হতেই পলাতক।
দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ চার্জগঠন করেন আদালত।



















































