শুক্রবার,১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভয়ঙ্কর স্কুলে আতঙ্কের ক্লাস!


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

স্কুলের নাম “চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়”। নামের আভিজাত্য থাকলেও অন্তহীন সমস্যা নিয়ে চলছে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার এই প্রাথমিক বিদ্যালয়টি। শ্রেণিকক্ষ সংকুলানের কারণে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। আকাশ অন্ধকার করলেই আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীদের মুখও কালো হয়ে যায়। দরজা জানালাহীন শত ফাটলের ভবন থেকে তখন যে যেভাবে পারে ছুটে পালায়। যেকোনো সময় ভবন ধসের আশঙ্কায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সবসময় বিরাজ করে আতঙ্ক। ভবন ধসে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। নেই বিদ্যুৎ, ফলে সরকারিভাবে পাওয়া দুটি গভীর নলকূপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার ও ল্যাপটপ অকেজো এই স্কুলে। স্কুলে প্রবেশের একমাত্র রাস্তাটিরও বেহালদশা। স্কুলের চারধারে কয়েকটি জলাধার। অথচ ছোট ছোট শিক্ষার্থীদের নিরাপত্তায় নেই কোনো সীমানা প্রাচীর। নেই দপ্তরি-দারোয়ান, মাত্র ৫ জন মহিলা শিক্ষিকা দিয়ে খুঁড়িয়ে চলছে উপজেলার কাঞ্চন পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের এই বিদ্যালয়টি। এর ফলে মারাত্মকভাবে লেখাপড়ায় বাধার সৃষ্টি হচ্ছে। স্কুল সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে ৫০ শতাংশ জমি নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। সেসময় স্কুলের জন্য ৪ শ্রেণিকক্ষ বিশিষ্ট একতলা টিনশেড ভবন নির্মাণ করে শুরু হয় “চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়”। প্রতিষ্ঠার পর থেকে ৪০ বছর পর্যন্ত স্কুলটি একই ভবনে পাঠদান কার্যক্রম চলে। ২০০৯ সালে স্কুলটি পুরোপুরি ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬০ ফিট দৈর্ঘ্য এবং ১৯ ফিট প্রস্থ ৩ শ্রেণিকক্ষ বিশিষ্ট একতলা আরেকটি ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০১০ সালে শিক্ষা অধিদপ্তর কর্তৃক পূর্বের ভবনটি সম্পূর্ণ পরিত্যক্ত বলে ঘোষণা করা হলে স্কুলের শিক্ষা কার্যক্রমের গতি মন্থর হয়ে আসে। ২০১১ সালে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হলে আবার শিক্ষা কার্যক্রমে গতি ফিরে।
সরজমিনে গিয়ে দেখা যায়, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রধান সড়ক থেকে অনেকটা ভিতরের দিকে অবস্থিত। যাতায়াতের রাস্তাটির অবস্থাও খুবই করুণ। সরু রাস্তার কোথাও কোথাও দু’চারটি ইট বিছানো দেখে বোঝা যায় রাস্তাটি এককালে ইট সলিং ছিল। স্কুলের উত্তর পাশের সীমানা ঘেষা পুরাতন পরিত্যক্ত ভবন আর দক্ষিণপাশে নতুন ভবনের অবস্থান। পরিত্যক্ত ভবনে ক্লাস চলছে শিশু শ্রেণির। কোমলমতি ছোট্ট শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে বসে আছে মৃত্যু ফাঁদের পরিত্যক্ত ভবনে। ভবনে দরজা-জানালা দূরের কথা, নেই দেয়ালই!। রুমে রুমে বিশাল সব ফাটল। ফাটল দিয়েও দেখা যায় এপাশ থেকে ওপাশ উপরের টিনের চালায় শত শত ফোটা। দেয়ালের যেটুকু অস্তিত্ব আছে সেটুকুর অনেক জায়গায় পলেস্তরা খসে পড়ছে। এ ছাড়া স্কুলের চারপাশ জুড়েই গভীর সব জলাশয়। বাচ্চারা একটু অসতর্ক হলেই যে কোনো সময় পানিতে পড়ে অকালে প্রাণ হারাতে পারে। স্কুলে নেই কোনো নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা। ফলে গরমের দিনে তীব্র গরমের মধ্যে ক্লাস করে শিক্ষার্থীরা। সরকারিভাবে দুটি গভীর নলকূপ বরাদ্দ পেলেও বিদ্যুৎ না থাকায় সেগুলো অকেজো। পাশে স্কুলের সভাপতির বাড়ি থেকে চিকন তারে বিদ্যুৎ আনা হয়েছে কেবল মাত্র খাবার এবং বাথরুমের প্রয়োজনীয় পানি উঠানোর জন্য। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার বলেন, স্কুলের নতুন ভবন তৈরির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেয়া আছে। আর বর্তমান ভবনটিও মেরামতের জন্য একটি বাজেট পাশ হয়ে রয়েছে। রাস্তাটি করার জন্য আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছে। তারা ডিজাইন তৈরি করছে। আদালতে রিট থাকায় এতদিন দপ্তরি নিয়োগে জটিলতা ছিল। এখন অল্প কদিনের মধ্যেই দপ্তরি নিয়োগ দেয়া হবে। এবং বর্ষার আগেই জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আমরা স্কুলের চারপাশে একটি অস্থায়ী সীমানা প্রাচীর তৈরি করবো।

পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি