শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কঠোর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে


কঠোর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে কঠোর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। যত্রতত্র নাম বদল ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য খসড়া চূড়ান্ত নীতিমালা তৈরি করছে মন্ত্রণালয়। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হলে প্রতিষ্ঠানভেদে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত সরকারি তহবিলে জমা দিতে হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত চারটি কমিটির অনুমোদন নিতে হবে। আগামী মাসের শুরুতেই এই নীতিমালা জারি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। খসড়া নীতিমালায় বলা হয়েছে, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নাম পরবর্তনের ক্ষেত্রে ২০ লাখ, মাধ্যমিকের ক্ষেত্রে ২৫ লাখ, উচ্চ মাধ্যমিক স্তরের (কলেজ-মাদরাসা) ক্ষেত্রে  ৩০ লাখ এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫০ লাখ টাকা সরকারি তহবিলে জমা দিতে হবে। প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য প্রথমে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদন নিতে হবে। এরপর বহুল প্রচারিত দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। নাম পরিবর্তন যাছাই-বাছাই করার জন্য প্রতি জেলায় জেলা প্রশাসকে (ডিসি) আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি। একইভাবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও ডিগ্রি কলেজ বা মাদরাসা নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রধানকে আহ্বায়ক করে পৃথক কমিটি গঠন করা হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শাখার অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের পৃথক পৃথক কমিটি গঠন করা হবে। চূড়ান্তভাবে নাম পরিবর্তনের অনুমোদনের জন্য পর্যায়ক্রমে এসব কমিটির অনুমোদন নিতে হবে। প্রসঙ্গত, আগে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নাম পরবর্তনের জন্য ছয় লাখ, মাধ্যমিকের জন্য ১০ লাখ এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ১৫ লাখ টাকা জমা দিতে হতো।
নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক ও শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মোল্লা জালাল উদ্দিন বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য অসংখ্য আবেদন পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় আবেদনসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। যৌক্তিক প্রয়োজনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। তবে নাম পরিবর্তনে নিরুৎসাহিত করতে নীতিমালায় কঠোরতা আরোপ করা হচ্ছে বলে তিনি জানান। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে কোনো নীতিমালা নেই। তবে নতুন প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে নির্দিষ্ট ফি প্রদানপূর্বক ব্যক্তির নামে নামকরণের বিষয়ে একটি প্রজ্ঞাপন আছে। এ কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠনের নামকরণ/নাম পরিবর্তন নীতিমালা প্রণয়ন করতে গত ২০শে মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহবার হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং কারিগরি ও মাদরাসা বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অতিরিক্ত সচিবকে (কলেজ) আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির অপর সদস্যরা হলেন, অতিরিক্ত সচিব (মাদরাসা), যুগ্ম সচিব (কারিগরি), ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন)। উপসচিবকে (কলেজ) কমিটির সদস্য সচিব করা হয়। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করে উপস্থাপন করতে বলা হয়। কমিটি প্রয়োজনে সদস্য কোঅপ্ট করতে পারবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতামত নিতে পারবে বলে নির্দেশনা দেয়া হয়। ওই কমিটি একাধিক বৈঠক করে খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

 

পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি