শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জুজু’র ভয়ে ঘরবন্দি খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গুলশান ও নয়াপল্টনকেন্দ্রিক একটি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে বিএনপির রাজনীতি। বলা হচ্ছে, ওই দুই কেন্দ্রের পাঁচ থেকে ছয়জনের একটি চক্র নিয়ন্ত্রণ করছে খালেদা জিয়াকে। এর মধ্যে এক নেতা ও এক কর্মকর্তাই মূল ভূমিকায় আছেন বলে বিএনপিতে আলোচনা আছে। যে কারণে চেয়ারপারসন বাইরে বের হতে পারছেন না। অনেকের মতে, তাঁকে অন্ধকারে রাখা হচ্ছে।

বলা হচ্ছে, নয়াপল্টনে কারণে-অকারণে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের প্রেস ব্রিফিং আর রাত ৯টায় খালেদা জিয়া গুলশান কার্যালয়ে গেলে ঘুরেফিরে একই মুখের আনাগোনার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে বিএনপির যাবতীয় রাজনীতি। চেয়ারপারসন আগে গুলশান কার্যালয়ে যেতেন রাত ৮টায়। এখন সেটা রাত ৯টায় গিয়ে ঠেকেছে। এ নিয়েও দলে নানা আলোচনা আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। যদিও বিএনপি নেতারা মনে করেন, কৌশলগত কারণে এখনই নির্বাচনী প্রচারে নামা তাঁদের পক্ষে সম্ভব নয়। কিন্তু নেতাকর্মীদের চাঙ্গা করতে হলে বসে না থেকে চেয়ারপারসনের অবিলম্বে গণসংযোগে নেমে পড়া উচিত বলে মনে করেন দলটির শুভাকাঙ্ক্ষীরা। এ ক্ষেত্রে সরকারকে অন্যতম অন্তরায় বলে মনে করা হলেও দলের ভেতরের একটি অংশের কূটকৌশলও এ জন্য কম দায়ী নয় বলে বিএনপির সিনিয়র নেতারা সন্দেহ করছেন।

তাঁদের মতে, খালেদা জিয়াকে ‘জুজুর ভয়’ দেখানো হচ্ছে। বিশেষ করে রাজপথে গণসংযোগে বের হলে তাঁর নিরাপত্তাসহ নানা বিষয়ে কেউ না কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে, জনগণের মধ্যে গেলে খালেদা জিয়ার ওপর ওই সিন্ডিকেটের প্রভাব কমে যাবে—এমন আশঙ্কা থেকে তাঁকে এক ধরনের ঘেরাওয়ের মধ্যে রাখার চেষ্টা হচ্ছে। আবার কেউ কেউ এমন ভয়ভীতিও ছড়াচ্ছে যে জনসভায় কড়া বক্তব্য দেওয়া হলে নতুন কিংবা পুরনো মামলার গতি বেড়ে যেতে পারে। পাশাপাশি ভারত প্রশ্নে খালেদা জিয়া কী বক্তব্য দেন তা নিয়েও অনেকে নানা আশঙ্কার কথা বলছে। দলটির সিনিয়র নেতাদের মতে, দুই কার্যালয়ের ওই সিন্ডিকেটই এখন বিএনপি পরিচালনা করছে।

সূত্র জানায়, এসব কারণে বেশ অনেক দিন যাবৎ দলটির রাজনীতিতে কোনো গতি নেই। খালেদা জিয়া গুলশান কার্যালয়ের বৃত্তে আটকা পড়েছেন বলে বিএনপির মধ্যে গুঞ্জন চলছে। দলটির নেতাদের মতে, দুই কার্যালয়ের দুষ্ট চক্রই চেয়ারপারসনকে বাইরে অর্থাৎ রাজপথে নামতে দিচ্ছে না। কারণ চেয়ারপারসনের প্রভাব কাজে লাগিয়ে ওই চক্র কমিটি গঠনসহ নানা সুবিধা আদায় করে নিচ্ছে। নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, গুলশান কার্যালয় থেকে সব নেতাকর্মী চলে যাওয়ার পরে বিএনপিতে বর্তমানে প্রভাবশালী ওই দুজন প্রায় প্রতিদিনই দীর্ঘ সময় খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের আলোচনা নিয়ে দলে নানা গুঞ্জন এখন ডালপালা মেলতে শুরু করেছে। কারণ সিনিয়র নেতারা দলের মধ্যম পর্যায়ের ওই এক নেতা ও এক কর্মকর্তার প্রভাব পছন্দ করছেন না। ওই কর্মকর্তা তাঁর পছন্দের লোকদের খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ আছে। ফলে নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় সিনিয়র নেতারা বলছেন, ‘ওরা পারলে খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসুক। ’ অনেকের মতে, ওই দুজনের কারণে পুরো দলের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দূরত্ব তৈরি হয়েছে।

অথচ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও সমর্থক বুদ্ধিজীবী অনেক দিন আগেই খালেদা জিয়াকে কর্মসূচি নিয়ে ‘মাঠে’ নামার পরামর্শ দিয়েছেন বলে জানা যায়। তিনি এ বিষয়ে আশ্বাসও দিয়েছেন। কিন্তু এভাবে পুরো শীতকাল পেরিয়ে গেছে। এরপর মার্চে তিনি নামবেন—এমন আলোচনাও ছিল দলের মধ্যে। এখন এপ্রিল চলছে, অথচ ঢাকা এবং এর বাইরে কর্মসূচি শুরু হয়নি খালেদা জিয়ার। এমনকি আদৌ তিনি মাঠে নামবেন কি না সে বিষয়ে নেতাদের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি। ফলে কী কারণে খালেদা জিয়া রাজপথে নামছেন না, তা নিয়ে আলোচনা ও কৌতূহল এখন বিএনপির গণ্ডি পেরিয়ে বাইরেও ছড়াতে শুরু করেছে। সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রশ্ন তুলেছেন, রাজপথে নামতে বিএনপির এত ভয় কেন? আর আওয়ামী লীগের অন্য নেতারা ‘বিএনপির রাজপথে নামার সক্ষমতা নেই’ বলে মন্তব্য করছেন। যদিও সরকারি দলের নেতাদের এসব বক্তব্যকে উসকানি হিসেবে দেখছে বিএনপি। কিন্তু বাস্তবে গত দুই বছরের কর্মকাণ্ডকে মূল্যায়ন করে অনেকে এ পরিস্থিতিকে দলটির ‘বন্ধ্যত্ব’ বলেও মনে করছে।

শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মতে, ‘সম্ভবত বিএনপি চেয়ারপারসন কিছুটা অসুস্থ। তা ছাড়া দলটি বোধ হয় এখনো মাঠে নামার মতো গুছিয়ে উঠতে পারেনি। ’ তিনি আরো বলেন, ‘মাঠে নামার জন্য আমরা সব সময়ই বলছি। কারণ রাজপথে না নামলে জনগণের সমর্থনের ব্যারোমিটার কোন জায়গায় তা ঠিক বোঝা যায় না। ’

বিএনপি সমর্থক বুদ্ধিজীবী বলে পরিচিত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘গত দুই বছরে আমি অন্তত ১০ বার বলেছি, আপনি বাইরে বের হন; জনগণের মধ্যে যান। বলতে বলতে এখন আমি ক্লান্ত, কিন্তু তবু আরেকবার বলব। ’ তিনি বলেন, ‘সম্ভবত, তাঁকে যাঁরা নিয়ন্ত্রণ করেন তাঁদের মধ্যে সমস্যা আছে। তা ছাড়া আরেকটি কারণ হতে পারে; তিনি বসে থাকতে থাকতে অবসাদ ও একাকিত্বে ভুগছেন। কিন্তু যেটাই হোক, এভাবে বসে থাকলে দল গতিশীল হবে না’, যোগ করেন গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠাতা।

সর্বশেষ গত ১২ মার্চ রাতে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও জাফরুল্লাহ চৌধুরীসহ পাঁচ বুদ্ধিজীবী গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে রাজপথে নামার পরামর্শ দিয়েছেন। ওই দিন খালেদা জিয়া তাঁদের আশ্বাস দেন, শিগগির তিনি তা করবেন।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে জানিয়েছেন, চেয়ারপারসনের ঢাকার বাইরে যাওয়ার কর্মসূচি এখনো ঠিক হয়নি। যখনই প্রয়োজন হবে, তখনই তিনি যাবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির জনসভার ব্যাপারে সরকারই নেতিবাচক পরিস্থিতি তৈরি করে রাখছে। প্রায় সারা সপ্তাহ আমাদের ব্যস্ত থাকতে হচ্ছে মামলা-মোকদ্দমা নিয়ে। তা ছাড়া জনসভার অনুমতি চাইতে গেলে সরকার নানা বাহানা সৃষ্টি করে। ’

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, ‘চেয়ারপারসনের বাইরে বের হওয়া উচিত, এটি ঠিক। কিন্তু বাইরে বের না হওয়ার সমস্যা আসলে ম্যাডামের (খালেদা জিয়া) নয়; আমাদের। কারণ জনসভার জন্য আমাদের অনুমতি নিতে হয়। আবার জনসভা আয়োজনের জন্য মাঠ ফ্রি থাকতে হয়। কিন্তু বিএনপি নেতাকর্মীরা তো পুলিশের ভয়ে বাড়ি থাকতে পারছেন না। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনাকে কোন চক্র ঘিরে রেখেছে সেটি কোনো সাবজেক্ট নয়; কারণ ওই চক্রের কথা তিনি শুনবেন বলে মনে হয় না। মূল কথা হচ্ছে, চেয়ারপারসন যেটুকু সময় দেন দলের অনেক নেতা সেটুকুও দেন না। তাঁরা গুলশান কার্যালয়ে হাজিরা দিয়েই দায়িত্ব শেষ করতে চান। ’

বিএনপির সর্বশেষ রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৫ জানুয়ারি নয়াপল্টনে। আর ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি ঘোষণা করে চলতি বছরের ৫ জানুয়ারি জনসভা করতে চাইলেও সরকার অনুমতি দেয়নি। এর বাইরে গত বছর ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন খালেদা জিয়া। আর বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি বক্তৃতা করেন গত বছরের ১৯ মার্চ। এসব কর্মসূচির বাইরে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব উপস্থাপন করে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করেন গত ১৮ নভেম্বর। এর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ৩ জুলাই সংবাদ সম্মেলন করে তিনি সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যের ডাক দেন। যদিও ওই ঐক্যপ্রচেষ্টা বাস্তবে রূপ লাভ করেনি।

অবশ্য গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ২ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি অনশন কর্মসূচি পালন করে। এ ছাড়া মহানগরী বিএনপির উদ্যোগে বেশ কয়েকটি আলোচনাসভা হয় ওই একই স্থানে; অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। গত বছর জুনে সারা দেশে সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেপ্তারের প্রতিবাদে নেওয়া বিক্ষোভ কর্মসূচি শেষ পর্যন্ত একই স্থানে আলোচনাসভায় পরিণত হয়।

পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি