রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ইসলামী ব্যাংক ছাড়ছে সৌদি ভিত্তিক আইডিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের পর এবার ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি। ইসলামী ব্যাংকে আইডিবির ১২ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৫৮৫টি শেয়ার রয়েছে। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। এর মধ্যে ৭২ ভাগ তথা প্রায় তিনশ’ কোটি টাকার শেয়ার ছেড়ে দিচ্ছে জেদ্দাভিত্তিক এ ব্যাংকটি। তবে একটি পরিচালক পদ ধরে রাখতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার রাখতে হচ্ছে। সূত্র জানায়, ইসলামী ব্যাংকের বিদেশি শেয়ারহোল্ডার ৫২ শতাংশ শেয়ারের মধ্যে আইডিবি এককভাবে সাড়ে ৭ শতাংশ শেয়ার ধারণ করছে। নিয়মানুসারে কোনো ব্যাংকে পরিচালক পদ রাখতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হয়। এমতাবস্থায় আইডিবি একজন পরিচালকের প্রয়োজনীয় শেয়ার রেখে বাকি অংশ বাজার মূল্যে বিক্রি করে দিতে চাইছে। গত ৩০ মার্চ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমান শেয়ার ছাড়ার বিষয়টি উপস্থাপন করেন। এ সময় বোর্ডের অন্য সদস্যরা শেয়ার না ছাড়ার পরামর্শ দেন। এমনকি দেশের অন্য কোনো ইসলামী ব্যাংকে বিনিয়োগের আহ্বান জানানো হয়। তবে আইডিবির প্রতিনিধি শেয়ার ছাড়ের পক্ষে অবস্থান পরিষ্কার করেন। এমতাবস্থায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর শেয়ার বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে। ইতোমধ্যে শেয়ার ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সূত্র জানিয়েছে। এ প্রসঙ্গে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান গতকাল সকালের খবরকে বলেন, আইডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির শেয়ারের একটি অংশ বিক্রির ব্যাপারে ব্যাংকের বোর্ডে আলোচনা হয়েছে। যেহেতু ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান, সেহেতু শেয়ার বিক্রির প্রক্রিয়ায় বিএসইসির অনুমোদন প্রয়োজন হয়। সেই অনুমোদনের পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সারা বিশ্বে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রসারে আইডিবি কাজ করে। সাধারণত প্রতিষ্ঠানটি শরিয়াহিভত্তিক ব্যাংক ব্যবস্থা চালুর ৭-৮ বছর সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত থাকে। ব্যাংকটাকে একটা পেশাদারিত্বের জায়গায় নিয়ে গিয়ে আইডিবি শেয়ার ছেড়ে দেয়। তবে বাংলাদেশ ছিল তার ব্যতিক্রম। তারা এখানে অনেক দিন ছিল। তবে প্রতিষ্ঠানটি যেন অভীষ্ট লক্ষ্যে ভালোভাবে চলে সে জন্য তারা একজন পরিচালকের ন্যূনতম শেয়ার রেখে দিয়েছে। এর আগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার তার শেয়ারের সিংহভাগ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ব্যাংকে তার ৪২ লাখ ২৬ হাজার ৩৩২টি শেয়ার রয়েছে। এর মধ্যে বাজারদরে ৪০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়। এর ফলে তার হাতে থাকবে মাত্র ২ লাখ ২৬ হাজার ৩৩২ শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের নোটিশ অনুসারে ৩০ কার্যদিবস তথা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তত্কালীন চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান আজীজুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান পদত্যাগ করেন। এরপর ব্যাংকে সাবেক আমলা আরাস্তু খানকে চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক আহসানুল আলম পারভেজকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। এছাড়া ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিঞাকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়। ইসলামী ব্যাংকের এই পরিবর্তনে উদ্বেগ প্রকাশ করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। গত ২৪ জানুয়ারি আইডিবি গ্রুপের প্রেসিডেন্ট ড. বন্দর এম এইচ হাজ্জার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এক পত্র দিয়ে তাদের উদ্বেগের কথা জানান। এমনকি ব্যাংকের শীর্ষস্থানীয় এই পরিবর্তনে আইডিবির কোনো সম্মতি ছিল না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, ইসলামী ব্যাংকে আইডিবিসহ বিদেশি শেয়ারহোল্ডারদের ৫২ শতাংশ শেয়ার রয়েছে। বাকি শেয়ার দেশীয় উদ্যোক্তাদের।

পূর্বাশানিউজ/১২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি