
পূর্বাশা ডেস্ক:
করদাতাদের বকেয়া রাজস্ব পরিশোধের সুযোগ দিতে এই প্রথমবারের মতো ‘হালখাতা’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চৈত্র সংক্রান্তিতে দেশের সব আয়কর, শুল্ক ও মূসক কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী এ হালখাতা অনুষ্ঠিত হবে।
পুরনো লেনদেন হালনাগাদ করে হিসেবের নতুন খাতা চালু। পয়লা বৈশাখে ‘হালখাতা’র আয়োজন ব্যবসায়ীদের কাছে খুবই পরিচিত বিষয়। হালখাতার এ রীতি চলছে সম্রাট আকবরের আমল থেকে। এদিন পুরনো দেনা-পাওনা বুঝে নিয়ে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়নই শুধু নয়, দেয়া হতো নানা উপহারও।
এই রীতির আদলে প্রথমবারের মতো সারাদেশে হালখাতা করতে যাচ্ছে এনবিআর। বকেয়া রাজস্ব সংগ্রহে দেশের সব আয়কর, শুল্ক ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে বাংলা বছরের শেষ দিন এ হালখাতা করা হবে।
সাধারণ ব্যবসায়ীরা মনে করেন, এনবিআরের এ উদ্যোগ নতুন সংস্কৃতির জন্ম দেবে। এক্ষেত্রে বকেয়া পরিশোধে ছাড় দেয়া হলে অনেকে উৎসাহিত হবে বলে মত তাদের।
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এনবি আরের পাওনা ৩৪ হাজার ২৮২ কোটি টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে ১৭ হাজার, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানের কাছে সাড়ে সাত হাজার ও বেসরকারি খাতে বকেয়া প্রায় ১১ হাজার কোটি টাকা।
পূর্বাশানিউজ/১২-এপ্রিল,২০১৭/ফারজানা
























































