
প্রধানমন্ত্রী রোববার তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের উপদেষ্টা পরিষদের ৪র্থ সভায় সভাপত্বিকালে এই আহবান জানান।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে আগের বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে শেখ হাসিনা বলেন ‘দেশকে দারিদ্র্র্যমুক্ত করার একমাত্র উপায় হিসেবে সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।’
তিনি বলেন, তাঁর সরকার দারিদ্র্র্য বিমোচনের জন্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তিনি এ প্রসঙ্গে দেশ স্বাধীন হবার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর শিক্ষা খাতের প্রসারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে গুরুতর আর্থিক সংকট সত্ত্বেও বঙ্গবন্ধুর সরকার একটি শিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ এবং নারীদের শিক্ষাকে অবৈতনিক এবং নারী শিক্ষাকে সম্পূর্ণ পরিপূরক করেন।
তিনি বলেন, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর সরকারগুলো ক্ষমতাকে কুক্ষিগত করে সাধারণ মানুষকে শিক্ষাসহ তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করেছে।
সবার জন্য শিক্ষা এবং মৌলিক অধিকারগুলো নিশ্চিত করায় তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বছরের প্রথম দিনই সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্যোগ গ্রহণ করে অভিভাবকদের এই সংক্রান্ত খরচ লাঘব করেছে।
প্রধানমন্ত্রী বলেন, স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাশরুম, বিজ্ঞান গবেষণাগারসহ জ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের পাশাপাশি তাঁর সরকার পার্বত্য অঞ্চলে এবং হাওর এলাকায় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
বৈঠকে বলা হয়, সরকার ২০১৫-২০১৬ শিক্ষা বছরে ১ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার ৭৭৭ জন শিক্ষার্থীর মাঝে মোট ২৪৬৬ কোটি ৪৬ লাখ টাকা বিতরণ করেছে।
এর আগে, প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে দুইজন বীরশ্রেষ্ঠদের পরিবার এবং ১০ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে চেক দেয়া হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

























































