শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


আগামী নির্বাচনে আ.লীগের ট্রামকার্ড ওলামা-মাশায়েখ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনী জয়ে তৃপ্ত নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। জনসমর্থনই নির্বাচনী জয়ের তৃপ্তি। সেলক্ষ্যে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থন পেতে মরিয়া বর্তমান ক্ষমতাসীনরা। সরকারের একাধিক গোয়েন্দা জরিপ বলছে, মানুষের ধারণা সরকারের বেশিরভাগ কর্মকা-ই ইসলাম বিরোধী। সে হিসেবে আ.লীগের আগামী নির্বাচনী জয়ের একটি বিরাট মূলধন হতে পারে ইসলামী ওলামা মাশায়েখরা। আর তাই তারা ওলামা-মাশায়েখদের সমর্থন পেতে মরিয়া হয়ে ইতিমধ্যেই বিভিন্ন কার্যক্রম শুরু করেছে, মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।

ওলামা-মাশায়েখদের আনুকুল্য পেতে ইসলামিক ফাউন্ডেশনের ব্যানারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এরই মধ্যে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং হেফাজতের শীর্ষ নেতা আল্লামা শফীসহ বিশিষ্ট ওলামা-মাশায়েখদের সাথে গণভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে কওমি মাদরাসা সনদের স্বীকৃতিও দেয়া হয়। ধর্মপ্রাণ মুসলমানদের আনুকূল্য পেতে সৌদি সরকারের অর্থায়নে দেশের ৬৪টি জেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নেতারা মনে করছেন, ওলামা-মাশায়েখদের মাধ্যমে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মন জয় করতে পারলেই কেবল আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হবে। আর এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচনে বড় সাফল্য পেতে চায় ক্ষমতাসীনরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, দেশের ইসলামপন্থী বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগের ইমেজ ভালো না। গত কয়েক বছরে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন, ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে গ্রহণ এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ওপর নিপীড়ন পরিস্থিতিকে আরো নাজুক করেছে।

এছাড়া, ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। ওই নির্বাচনে দেশের বেশিরভাগ মানুষ ভোটে অংশ নিতে না পারায় তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে কেন্দ্রীয় নেতা-মন্ত্রী ও জনপ্রতিনিধিরা দুর্নীতি, ধর্ম নিয়ে কটূক্তি, মানব সেতুর ওপর দিয়ে জুতা পায়ে হাঁটা, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও তাদের ওপর নির্যাতন, ওলামা-মাশায়েখদের খেপিয়ে তোলাসহ নানা বিতর্কে জড়িয়ে জনগণের বিরাগভাজন হয়েছে আওয়ামী লীগ।্ড

নেতারা মনে করছেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যেমন বিতর্ক আছে, তেমিনভাবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও দেশ-বিদেশে নানা প্রশ্ন রয়েছে। আবার টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে নেতা-মন্ত্রী, এমপি এবং দলের স্থানীয় জনপ্রতিনিধিদের দুর্নীতিসহ একের পর এক বিতর্কিত ফলে দেশের মানুষ অনেকটা ক্ষুব্ধ হয়ে আছে। ফলে নির্বাচনের আগেই জনগণকে আস্থায় এনে ভোটের মাঠে লড়তে চায় ক্ষমতাসীন দলটি।

এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেন, জনগণ আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেয়ার তা আগেই নিয়ে নিয়েছে। এটি ইতিবাচক বা নেতিবাচক যেকোনোটি হতে পারে। সামনের দিনগুলোতে যদি আওয়ামী লীগ তাদের গতি পরিবর্তন করে, নমনীয় হয় তাহলেও জনমতের ওপর কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে চলছে সামনের দিনগুলোতে এটি যদি অব্যাহত রাখে তাহলেও যেসব মানুষ আওয়ামী লীগকে এতদিন সমর্থন দিয়ে আসছে তারাও বিভ্রান্ত হবে না। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যারা চলে গেছে শত চেষ্টা করেও তাদের আনুকূল্য পাওয়া সম্ভব হবে না।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে যে পরিবর্তন হয়েছে গত ৪০ বছরেও তা হয়নি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশে এখন আর কুড়েঘর নেই, কুড়ে ঘর এখন কবিতায়, গল্পে আছে। কুড়েঘর এখন টিনের চালা, বিল্ডিং হয়েছে। প্রতি ইউনিয়নে হাজার খানেক মানুষ সরকারি ভাতা পাচ্ছে। আমরা মনে করি না দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া এখন অন্য কাউকে সমর্থন করতে পারে।

পূর্বাশানিউজ/২৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি