
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার প্রায় ২০৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩৫ টিতেই প্রধান শিক্ষক নেই। পুরো জেলায় প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকসহ মোট সাড়ে ১১শ টি পদ শূণ্য থাকায় বিপাকে শিক্ষার্থী। শিশুদের শিক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরা।
দীর্ঘ সাত বছর ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে কুশিল্লার আদর্শ সদরের ভুবন ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাত্র পাঁচজন শিক্ষক দ্বারাই পরিচালিত হচ্ছে বিদ্যালয়টির সকল একাডেমিক কার্যক্রম। শিক্ষকরা জানান, প্রতিদিন সকাল ৯ টা ১৫ থেকে ক্লাস শুরু হয়ে ১২ টায় শেষ হয়। কিন্তু কম শিক্ষক থাকার কারণে ভালোভাবে ক্লাস নেয়াও সম্ভব হয় না। বিদ্যালয়টির এক শিক্ষক বলেন, ‘এখানে ৮টি পোস্ট রয়েছে। এর মধ্যে পাঁচজন কর্মরত আছি আর বাকি ৩টিই শূণ্য’।
ভুবন ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জেলার আরও ৭৩৫ টি স্কুলে প্রধান শিক্ষক নেই। সহকারি শিক্ষকের পদ শূণ্য রয়েছে ৪২৩ টি।
কুমিল্লা সদরের তেতৈয়ারা প্রাইমারি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জানান, ‘অনেক বিদ্যালয়েরই সংস্কারে অভাবে বেহাল অবস্থা। শিক্ষকদের করা মামলায় ২০১০ সাল থেকে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ রয়েছে’।
উপজেলা শিক্ষা অফিসার আহাসুজ্জামান বলেন, ‘মামলার কারনেই দীর্ঘদিন এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে। বর্তমানে এই মামলার রায় হয়ে গেছে’।
এদিকে সরাসরি নিয়োগের বদলে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারি পদে নতুন নিয়োগের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম। তিনি বলেন, ‘যে জনবল আছে তা দিয়ে আমরা কুমিল্লা জেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যদি আমাদের এই নিয়োগগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে আমাদের কার্যক্রম আরও গতিশীল হবে’।
শুধু শিক্ষকই নয় সহকারি উপজেলা অফিসার, অফিস সহায়ক ও অফিস সহকারির মোট ১২০০ শূণ্য পদ নিয়ে কোন রকমে চলছে পুরো জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম।
পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/মাহি
















































