
পূর্বাশা ডেস্ক:
৫৮ দল নিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের জাতীয় পার্টি গঠন করেছে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)। এই জোটের মাত্র দুটি দলের নিবন্ধন রয়েছে নির্বাচন কমিশনে। গত ১০ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের মধ্যে নিবন্ধন নেই ১২ দলের। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে অনিবন্ধিত রাজনৈতিক দল ৪টি। এসব জোটবদ্ধ দলের কতগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা রাখে তা প্রশ্নসাপেক্ষ। আসলে নামসর্বস্ব এসব দল চেষ্টা করছে জোটের কাঁধে ভর করে রাজনীতি করার। অন্যদিকে নামসর্বস্ব দল নিয়ে জোট ভারী করে রাজনীতি করছে বড় দলগুলো। জোটের আকার যত বড় হবে প্রতিপক্ষকে তত বেশি চাপে ফেলারও সুযোগ হবে এমন ধারণা থেকেই মূলত জোট গঠনের প্রতিযোগিতা হচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন।
রাজনীতি বিশ্লেষকদের মতে, অধিকার আর আন্দোলনের স্লোগানে গড়া প্যাডসর্বস্ব দলগুলোর জোট-মহাজোট সংখ্যার আধিক্য বাড়াবে। এদের দেওয়ার মতো কিছু নেই। অনেক দলই সামাজিক আন্দোলনে জড়িত। তফসিল সমিতিও আছে। আছে মানবাধিকার সংগঠন। এগুলো আবার রাজনৈতিক দল হয় নাকি? সুযোগ পেয়ে সদ্ব্যবহার করছে। লক্ষ্য ক্ষমতা। তক্ষক বা পিলার ব্যবসার মতো। কেউ ভাবে না ক্ষমতায় যেতে ভোট লাগবে। জোটে দল না বাড়িয়ে ভোট বাড়ানোর পরামর্শও দেন তারা।
গত রোববার নামসর্বস্ব ৫৮ দল নিয়ে ইউএনএ গঠন করেছে জাতীয় পার্টি। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। জোটে থেকে আরেকটি জোট গঠনকে অসৎ উদ্দেশ্যই মনে করছেন অনেকে। খোদ জাতীয় পার্টির মধ্যেই জোটের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শীর্ষ নেতারা। অধিকাংশ ভুঁইফোড় দল ও তাদের নেতাদের রাজনীতিতের যোগ্যতা-অভিজ্ঞতা কোনোটিই নেই। লাঙ্গল টানার জন্য এই জোট ‘পারফেক্ট’ না বলেও অভিমত জাপা নেতাদের।
জাপার ইউএনএ জোটের মাত্র ২টি দল নিবন্ধিত। জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বাকি ৫৬টি দল জাতীয় ইসলামী মহাজোট ও বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) ব্যানারে মোর্চা করে জোটে অন্তর্ভুক্ত হয়েছে। ইসলামী মহাজোটে দল আছে ৩৩টি। আর বিএনএর জোটে দলের সংখ্যা ২১। বাকি ২টি নিবন্ধিত দল খুব শিগগিরই জোটে অন্তর্ভুক্ত হবে বলে জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল আমাদের সময়কে বলেন, জাতীয় পার্টির জোট আওয়ামী লীগের বি-টিম। জাতীয় রাজনীতিতে এ জোটের কোনো গুরুত্ব নেই। এটা হাস্যকর জোট। ২০ দলীয় জোট প্রসঙ্গে বলেন, জোটের প্রত্যেক দলের রাজনৈতিক অবস্থান আছে। ভোটের রাজনীতিতে প্রতিটি দল গুরুত্বপূর্ণ। রাজনীতি এবং ভোটÑ দুই বিবেচনায়ই ২০ দলীয় জোট মর্যাদার।
ভোটের জন্য জোট করে খুব সুবিধায় নেই বিএনপিও। দলটির নেতৃত্বে থাকা ২০-দলীয় জোটে দুটি স্থগিতসহ অনিবন্ধিত দল ১২টি। দলগুলোর অধিকাংশ নেতাই অপরিচিত। রাজনীতিতে নতুন। ২০ দলের মধ্যে লেবার পার্টি, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, পিপলস লীগ, ডেমোক্র্যাটিক লীগ, জাতীয় পার্টির (কাজী জাফর) নির্বাচন কমিশনে কোনো নিবন্ধন নেই। এ ছাড়া ইসলামী ঐক্যজোট ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মূল অংশ সম্প্রতি ২০ দল ত্যাগ করেছে। এ দল দুটির অংশবিশেষ ২০-দলীয় জোটের সঙ্গে থাকলেও তাদেরও নিবন্ধন নেই। ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) নিবন্ধন স্থগিত আছে। আরেক শরিক সাম্যবাদী দলেরও (একাংশ) নিবন্ধন নেই। জামায়াতে ইসলামীর নিবন্ধনও ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক আদেশে অবৈধ ঘোষণা করেন। আগামী নির্বাচনের আগে এসব নামসর্বস্ব দল কতটা ভূমিকা রাখবে তা নিয়ে সন্দিহান জোটের শীর্ষ নেতারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বলেন, এরশাদ সাহেব চাইলে ৬০ দল কেন ১৬০ দলের জোটও করতে পারেন। এরশাদের এই জোটকে সংখ্যাতত্ত্বের চমক হিসেবে বর্ণনা করে বলেন, নির্বাচনের আগে এদেশের রাজনীতিতে অনেক কিছুই ঘটবে; রাজনীতিতে অনেক ভাঙা-গড়া হবে, জোট হবে আবার জোট ভাঙবে, আবার জোট থেকে সরে যাবে, কেউ আবার যোগ দেবে। সব কিছু মিলিয়ে নির্বাচনের সামনে এটা খুব স্বাভাবিক ঘটনা। নির্বাচনের এখনো দেড় বছর বাকি। এই দেড় বছরে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যায় কত জল গড়িয়ে যায়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে সক্রিয় আছে ১২ দল। এর মধ্যে কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ (রেজাউর রশীদ খান) ও গণআজাদী লীগের নিবন্ধন নেই। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলেও জোট ক্ষমতায় গেলে এসব দলের নেতাকর্মী ক্ষমতাবান হন। আগামী নির্বাচনে নিবন্ধিত ও ভোটের মাঠে গুরুত্বপূর্ণ দল নিয়ে জোটের আকার বৃদ্ধির কথা ভাবছে আওয়ামী লীগ।
১৪ দলীয় জোট বৃদ্ধির সম্ভাবনা এখনই নেই- জানিয়ে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল আমাদের সময়কে বলেন, তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যেকোনো দল চাইলে জোটে আসতে পারে। জোটের পরিধি বাড়ানোর বিষয়ে নির্বাচনের আগে আলোচনা হবে।
জাতীয় পার্টির ৫৮ দলীয় জোটের বিষয়ে বলেন, জোটে থেকেও তারা জোট করতে পারে। এতে দোষের কিছু নেই। তাছাড়া মহাজোট এখন নিষ্ক্রিয়। আমি মনে করে এটি জাতীয় পার্টির ভালো উদ্যোগ।
সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই জোট জাতীয় রাজনীতিতে কোনো ভূমিকাই রাখবে না। ২০১৮ সালের নির্বাচন এখনো অনিশ্চিত। এরই মাঝে এ জোট হলো। আমি মনে করি সামনে নির্বাচনে ক্ষমতার ভাগাভাগিতে সুবিধা পেতে এই জোট করেছে জাতীয় পার্টি।
এরশাদের জোটে কোনো আবেদন-আকর্ষণ নেই জানিয়ে ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, জাতীয় পার্টির এই ঢাউস জোট রাজনীতিতে ও ভোটের মাঠে কোনো প্রভাবই ফেলবে না। তিনি বলেন, এরশাদ সরকারের কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। আরও চাইতে নতুন কৌশল অবলম্বন করেছেন।
এই জোট গঠনের উদ্দেশ্য অসৎ মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গতকাল আমাদের সময়কে বলেন, ইউএনএ জোট জাতীয় পার্টির নয়, ক্ষমতাসীন মহাজোটের। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ঠেকাতে জাতীয় পার্টি সরকারের একটি এজেন্ডা বাস্তবায়ন করছে মাত্র। প্রশ্ন রেখে তিনি বলেন, যদি তাই না হয় তা হলে তিনি (এরশাদ) সরকারে কেন? মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে সরকার যা বলছে এরশাদ সেটাই করছেন। ভোটের মাঠে এই জোট গুরুত্বহীন বলেও মন্তব্য করেন তিনি।
জোটের পরিধি অচিরেই বাড়বে- জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব ও ৫৮ দলীয় জোটের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার আমাদের সময়কে বলেন, আমাদের পরিকল্পনা জাপার নেতৃত্বে জোটগত নির্বাচন এবং সে নির্বাচনে জয়ী হওয়া। আমরা জোট করে সবে যাত্রা শুরু করলাম। দলগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থান দিয়ে মহাশক্তি সৃষ্টির চেষ্টা করছি। আমরা আশাবাদী আগামী নির্বাচনে জোট ও এরশাদের গুডইমেজ জাতীয় পার্টিকে জনগণ ক্ষমতায় আনবে।
এদিকে জাতীয় পার্টির ইউএনএ জোটের একটি মোর্চা বিএনএ। এর ২১টি দল আছে। দলগুলো হলো আওয়ামী পার্টি বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ইসলামী ডেমোক্র্যাটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি (একাংশ), গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, আমজনতা পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি, বাংলাদেশ প্রতিবাদী জনতা পার্টি, বাংলাদেশ তফসিল ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল মাইনরিটি পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, বাংলাদেশ জনতা ফ্রন্ট, জাতীয় হিন্দু লীগ ও বাংলাদেশ সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি, বাংলাদেশ সচেতন হিন্দু পার্টি, ইউনাইটেড মুসলিম লীগ, বাংলাদেশ গণজাগরণ পার্টি, বাংলাদেশ গ্রামীণ পার্টি, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ, তৃণমূল লীগ এবং গণঅধিকার পার্টি।
আরেকটি মোর্চা ইসলামী মহাজোটে দলের সংখ্যা ৩৩টি। এগুলো হলো জাতীয় ইসলামী জোট, ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশন, জমিয়তে মুসলেমিন বাংলাদেশ, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক লীগ, শরিয়া আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ ইসলামী আক্বীদা সংরক্ষণ আন্দোলন, খেদমতে খালক পার্টি, বাংলাদেশ ইত্তেহাদুল মুসলেমিন, খেলাফত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ ইসলামিক জনকল্যাণ পার্টি, জাতীয় শরিয়া আন্দোলন, বাংলাদেশ ইসলামী গণআন্দোলন, জাতীয় ইসলামী আন্দোলন, জাতীয় ইসলামিক মুভমেন্ট, ইসলামী মূল্যবোধ সংরক্ষণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাসানী, বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট বই পার্টি, হেফাজতে মুসলেমিন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফাতুল উম্মাহ, বাংলাদেশ আকিমুদ্বীন মজলিশ, ইসলামী আক্বীদা সংরক্ষণ পার্টি, ইউনাইটেড ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামি পার্টি, ইসলামী সমাজকল্যাণ আন্দোলন, লিবারেল পার্টি বাংলাদেশ খেলাফত বাস্তবায়ন পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং মুসলিম জনতা পার্টি।
পূর্বাশানিউজ/০৯-,মে ২০১৭/মাহি























































