বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্যাক্সের রশিদ পান না ক্রিকেটাররা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৭

স্পোর্টস রিপোর্ট :

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ (ডিপিএল), ঢাকা প্রিমিয়ার লীগ (বিপিএল), বাংলাদেশ ক্রিকেট লীগ (এনসিএল) মোটা অঙ্কের পারিশ্রমিক পান ক্রিকেটাররা। বাংলাদেশ সরকারের কর বিভাগের নীতিমালা অনুসারে প্রতিটি ক্রিকেটারকেই তাদের পারিশ্রমিক থেকে ট্যাক্স পরিশোধ করতে হয়। ক্রিকেটাররা সেই নিয়ম মেনে সেটি করেও থাকেন। কিন্তু অভিযোগ রয়েছে ট্যাক্স প্রদানের কোনো রশিদ পান না বেশির ভাগ ক্রিকেটারই। তাই তাদের কাছ থেকে কেটে রাখা সরকারের কোষাগারে জমা হচ্ছে কিনা তাও তাদের জানা নেই। এমনকি আয়কর রিটার্ন জমা দিতে গেলে রশিদ না থাকায় অনেক ক্রিকেটারকে মুখোমুখি হতে হয় ঝামেলার।

এ বিষয়ে অভিযোগ করে অলরাউন্ডার জিয়াউর রহমান বলেন, ‘গতবার আমি চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছি। ১৮ লাখ টাকা আমার পাওনা ছিল তবে তারা ২ লাখ টাকা টাকা কেটে রেখে আমাকে ১৬ লাখ টাকা পরিশোধ করে। কিন্তু তারা আমাকে ট্যাক্স পরিশোধের কোনো রশিদ দেয়নি। আমি জানিও না তারা আমার ট্যাক্সের টাকা পরিশোধ করেছে কিনা। এমনকি এই ঘটনা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগেও হয়। এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টেই আমি ট্যাক্স প্রদানের রশিদ হাতে পাইনি।’

একই অভিযোগ করেছেন জাতীয় দল থেকে বাদ পড়া স্পিনার আবদুর রাজ্জাকও। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে প্রথম ২শ’ উইকেট পাওয়া এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই খেলে আসছেন। দেশের সব লীগেই তার রয়েছে অংশগ্রহণ। রাজ্জাক জানালেন এখন পর্যন্ত কোনো টুর্নামেন্ট শেষে তারা ট্যাক্স প্রদানের রশিদ হাতে পাননি। আর তা না পাওয়াতে বছর শেষে আয়কর রিটার্ন দিতে গিয়ে তাদের পড়তে হয় ঝামেলাতে। এ বিষয়ে রাজ্জাক বলেন, ‘আমরা প্রতিটি টুর্নামেন্ট শেষে যে আয় করি তার থেকে দলগুলো ট্যাক্সের টাকা কেটে রাখে। কিন্তু তারা আমাদের কখনো ট্যাক্স প্রদানের রশিদ বা কোনো প্রমাণ দেন না। যে কারণে আমরা যখন আয়কর রিটার্ন দিতে যাই তখন ঝামেলাতে পড়তে হয়।’

অন্যদিকে জাতীয় দল থেকে বাদ পড়া আরেক স্পিনার এনামুল হক জুনিয়র অবশ্য জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘আমি আমার নিজ দায়িত্বে ট্যাক্স প্রদানের রশিদটি নিয়ে নেই। যে কারণে আমার কোনো সমস্যা এখনো হয়নি।’ একই কথা জানালেন শাহরিয়ার নাফীসও। তিনি বলেন, ‘আসলে বিসিএল ও এনসিএল শেষ হলে বিসিবির কাছ থেকে আমি রশিদ বুঝে পাই। আর ঢাকা প্রিমিয়ার লীগ ও বিপিএলেও নিজ দায়িত্বে ট্যাক্সের রশিদটা সংগ্রহ করি। বিশেষ করে বিপিএলের সময় ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ক্রিকেটারের উচিত রশিদটা বুঝে নেয়া।’

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ক্লাব ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটারদের পাওনা পরিশোধের পর ট্যাক্সের রশিদ দেয়ারই নিয়ম আছে। এখন কেউ চাইলে হয়তো সেটা দেয় না। এখানে ক্রিকেটারকেই নিজ দায়িত্বে সেই রশিদটা বুঝে নিতে হবে।’

পূর্বাশানিউজ/২৮অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি