ডেস্ক রিপোর্টঃ
সিলেট থান্ডার্সের অবস্থা শুরু থেকেই নাজুক। ইতোমধ্যে মোটামুটি নিশ্চিত হয়েছে শেষ চারে আর পৌঁছাতে পারবে না তারা। এই অবস্থায় কোচ হার্সেল গিবস বলছেন ইংরেজি না বুঝেই মাথা নাড়েন ক্রিকেটাররা। স্থানীয়দের মানসিকতাকে কাঠগড়ায় তুলে পরামর্শ দিয়েছেন সাকিব আল হাসানকে অনুসরনের।
তিনি বলেন, ‘বিপিএলের মান খুব ভালো। ভালোমানের বিদেশি তারকারা খেলছে, কোচ এসেছে। তবে আপনাকে সেটা সামনে টেনে নেওয়ার কাজটা ঠিকঠাক করতে হবে। উদাহরণ হিসেবে আমার কথাই বলি, দলের অনেকেই ইংরেজি বোঝে না। ফলে আমি তাদের যেটা বলি সেটা তারা নিতে পারছেনা, প্রয়োগও হচ্ছেনা। এটা হতাশার, তাদের মাঠের পরিস্থিতি বুঝে খেলার সক্ষম হতে হবে।’
‘অন্যভাবে নেওয়ার প্রয়োজন নেই, আমি উদাহরণ হিসেবে রুবেলের কথা বলি সে ১৪ রান করেছে প্রথম ২৮ বলে। স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় আমি মাঠে যাই এবং তাকে বলি কি হচ্ছে। এটা দুঃখজনক সে নিজে বুঝতে পারছেনা কি করছে! সে কেবল মাথা নাড়াচ্ছিল। এটা ২০২০ সাল শুরু হয়ে গেল, অথচ একজন ব্যাটসম্যান বুঝতে পারছেনা সে কি পরিস্থিতিতে কি খেলছে। লোকাল প্লেয়ারদের কাছে প্রত্যাশাটা বেশি করার আগে তাদের মানসিক দৃঢ়তা উন্নত করতে হবে।’
মানসিক দৃঢ়তা বাড়াতে বাংলাদেশের সাকিব আল হাসানকে অনুসরনের পরামর্শও দিয়েছেন এই প্রোটিয়া কোচ। অন্যান্যদের সাথে সাকিব আল হাসানের তুলনা করতে গিয়ে গিবস যোগ করেন, ‘আর এখানেই সাকিব আলাদা। গত দুই বছর লক্ষ্য করলে দেখা যাবে সে খেলাটা বুঝা ও পরিস্থিতি পড়তে পারার দিক দিয়ে কতটা উন্নতি করেছে।’
‘এমনকি বিশ্বকাপ খেলার সময়ও সে প্রতিনিয়ত পরিস্থিতি অনুযায়ী খেলার ধরনে পরিবর্তন এনেছে। সে এমন একজন যার কাছ থেকে অন্যদের শেখা উচিত। সে কিন্তু প্রথম বল থেকেই আক্রমণে যায়নি, তার টাইমিং ও মেধা মননের ব্যবহারটাই সাফল্য এনে দিয়েছে। এটাই মানসিক দিক, আমিও এটাই বলতে চাই যখন বুঝবো তারা (সিলেট থান্ডার ক্রিকেটার) আমাকে বুঝতে পারে তখনই আমি তাদের সাহায্য করতে পারবো।’


























































