চীনের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও বন্যায় প্রাণহানি, নিখোঁজ অন্তত ১০
চীনের উত্তরাঞ্চলে অস্বাভাবিক ভারী বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
উত্তর হেবেই প্রদেশের লুয়ানপিং কাউন্টির একটি গ্রামে ভূমিধসের কারণে হতাহতের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চেংদে শহরের নিকটবর্তী একটি গ্রামে অতিবৃষ্টির জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সরকারি বাহিনী জরুরি ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে। এদিকে, বেইজিংয়ের উপশহর মিয়ুন জেলার তাইশিতুন টাউনশিপে টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, যা বহু যানবাহন ভাসিয়ে নেয় এবং আবাসিক এলাকা প্লাবিত করে। পরিস্থিতি বিবেচনায় অঞ্চলটি থেকে অন্তত ৪,৪০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, মিয়ুন জেলার রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে, ভেসে যাচ্ছে গাড়ি ও ট্রাক, আর বাড়িঘর প্লাবিত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ১০ হাজারেরও বেশি মানুষের।
সাধারণত শুষ্ক জলবায়ুর অঞ্চল হিসেবে পরিচিত চীনের উত্তরাঞ্চল সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে। ফলে রাজধানী বেইজিংসহ ঘনবসতিপূর্ণ শহরগুলোতে বন্যার ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলেই এই অতিবৃষ্টির প্রবণতা বেড়েছে।
চীনের কেন্দ্রীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, আগামী ৩ দিন উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জলসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে বন্যা প্রবণ ১১টি প্রদেশ ও অঞ্চলে সতর্কতা জারি করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বেইজিং সোমবার সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি করেছে। হেবেই প্রদেশে গুরুতর পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিশেষ দল পাঠিয়েছে।
শানশি প্রদেশেও ভারী বৃষ্টিপাতের ফলে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে, ফসল ও গাছপালা পানিতে তলিয়ে গেছে। ঐতিহাসিক শহর শিয়ানের অবস্থান থাকা এই প্রদেশেও তাৎক্ষণিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে।




















































