মিয়ানমারে ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা জান্তা সরকারের
মিয়ানমারে ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে জান্তা সরকার।
বৃহস্পতিবার (২১ জুলাই) এক ভয়েস বার্তায় সরকারের মুখপাত্র জাও মিন তুন জানান, “বহুদলীয় গণতন্ত্রের পথে অগ্রসর হতে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।”
২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী দেশে জরুরি অবস্থা জারি করে। এরপর থেকেই দেশটি সহিংস গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যাতে বহু প্রাণহানি ঘটে।
বিরোধী দল ও ক্ষমতাচ্যুত প্রাক্তন আইনপ্রণেতারা এই নির্বাচনের বৈধতা প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের এক বিশেষজ্ঞ একে “একটি জালিয়াতি” হিসেবে অভিহিত করেছেন, যা সেনাশাসনের বৈধতা দিতে পারে।
বিশ্লেষকদের মতে, জান্তা প্রধান মিন অং হ্লাইং হয়তো নির্বাচনের পর প্রেসিডেন্ট বা সশস্ত্র বাহিনী প্রধান হিসেবে ক্ষমতা ধরে রাখবেন, ফলে তার শাসনের মেয়াদ আরও বাড়বে।
রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, মিন অং হ্লাইং বলেছেন, “আমরা প্রথম অধ্যায় অতিক্রম করেছি, এখন দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে।” তিনি জানান, আসন্ন নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে এবং সর্বস্তরের ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলবে।
এদিকে চীন জানিয়েছে, তারা মিয়ানমারের রাজনৈতিক সংকটের ‘শান্তিপূর্ণ সমাধান’ চায় এবং জান্তা সরকারের সঙ্গে সমর্থন অব্যাহত রাখবে।
তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে এবং এরই মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও নিবন্ধনের প্রক্রিয়ায় আনা হচ্ছে।
এরই মধ্যে জান্তা সরকার একটি নতুন আইন প্রণয়ন করেছে, যার আওতায় নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত করার অভিযোগে বক্তৃতা বা বিক্ষোভকারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
গত বছরের আদমশুমারিতে দেখা গেছে, ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ১ কোটি ৯০ লাখ মানুষের তথ্য সংগ্রহে ব্যর্থ হয়েছে সরকার, যা নির্বাচনী প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করছে।
বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচন সামনে রেখে বিদ্রোহীরা জান্তা সরকারবিরোধী হামলা আরও জোরদার করতে পারে।


























































