
জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:
সমন্বয়কের পরিচয়ে মামলার ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক নেতা আরাফ ভূঁইয়ার বিরুদ্ধে।
জানা গেছে, কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, আরাফ ভূঁইয়া কথিত মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। এ বিষয়ে ১ আগস্ট কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী তার বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার প্ররোচনা ও আর্থিক সহযোগিতায় এই মিথ্যা মামলাগুলো করা হয়। মামলায় অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়, যারা মূলত ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১০ অক্টোবর কোতয়ালি থানায় দায়ের হওয়া মামলায় ঘটনার তারিখ ও সময় নিয়ে রয়েছে অসঙ্গতি। কখনো বলা হয়েছে শনিবার, কখনো শুক্রবার—কিন্তু প্রকৃতপক্ষে ৪ আগস্ট ছিল রবিবার। টমছমব্রিজ ও সালাহউদ্দিন মোড়ে ঘটনার উল্লেখ থাকলেও সেদিন সেখানে কোনো আন্দোলন হয়নি বলে জানায় সংশ্লিষ্টরা।
মামলার এক সাক্ষী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী মো. ইকবাল জানান, ঘটনার সময় তিনি কোটবাড়ি বিশ্বরোডে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন। টমছমব্রিজে কোনো আন্দোলন হয়নি। অন্য এক সাক্ষী ইমতেহাদ উল হক বলেন, তিনি কিভাবে সাক্ষী হলেন সেটাই জানেন না, এমনকি তিনি কোনো স্বাক্ষরও করেননি।
ভুক্তভোগী আল-আমিনের স্ত্রী সীমা আক্তার বলেন, তার স্বামী নয় মাস ধরে মিথ্যা মামলায় কারাগারে, আরাফ তিন লাখ টাকা দিলে জামিন করিয়ে দেবে বলে দাবি করেন। রিয়াজ খান অভিযোগ করেন, দুই লাখ টাকা না দেওয়ায় তিনি তিন মাসের বেশি সময় জেল খেটেছেন।
একইভাবে, মাছ ব্যবসায়ী শাহীন মিয়া জানান, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও তাকে মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “আন্দোলনের পক্ষে থাকাই আমার অপরাধ হয়েছে।”
অভিযোগের বিষয়ে আরাফ ভূঁইয়া বলেন, “আমরা ভিডিও ও ছবি দেখে মামলার আসামি চিহ্নিত করেছি। যারা মানববন্ধন করেছে, তাদের আমি চিনি না। তারা যদি একটি প্রমাণও দেখাতে পারে, আমি আইনের সব সিদ্ধান্ত মেনে নেব।”
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম বলেন, “যদি কেউ লিখিত অভিযোগ দেয়, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
আরাফ ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো শুধু একজন শিক্ষার্থীর নয়, বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নৈতিকতা, ছাত্র আন্দোলনের বিশ্বাসযোগ্যতা ও আইনের শাসনের প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। ভুক্তভোগীদের দাবি, এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই কেবল শিক্ষাঙ্গন ও সমাজের প্রতি মানুষের আস্থা পুনরায় ফিরিয়ে আনা সম্ভব।

























































