
জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫ সালের ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়, যা গত বছরের জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই দিনটি স্মরণে মঙ্গলবার (৫ আগস্ট) মুক্তমঞ্চে আলোচনা সভার পাশাপাশি মিলাদ মাহফিল, র্যালি, সেমিনার, এবং চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন।
আলোচনায় বক্তারা ৫ আগস্টকে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার নতুন সূচনার দিন হিসেবে উল্লেখ করেন। উপাচার্য তার বক্তব্যে জানান, এই দিনে ছাত্র-জনতার ঐক্য একটি স্বৈরশাসকের পতন ঘটাতে বাধ্য করেছিল, যদিও সেই শাসনের অবশিষ্ট চিহ্ন এখনো সমাজে বিদ্যমান। তিনি দুর্নীতিমুক্ত কুবি গড়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। উপ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল বলেন, জুলাই আন্দোলন সাম্য ও ন্যায়বিচারের প্রতীক এবং তরুণদের দায়িত্ব হলো সেই চেতনায় সমাজকে এগিয়ে নেওয়া।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশের অন্যান্য জাতীয় দিবস গুলোর ন্যায় জুলাই গণঅভ্যুত্থান ও একটি।আজ তার ১ম বর্ষপূর্তি। তাই দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও যথাযথ মর্যাদার সহিত এই দিবসটি পালিত হয়েছে।

























































