
জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সাময়িকী ‘রক্তিম জুলাই’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি কুবিসাসের দপ্তর সম্পাদক চৌধুরী মাসাবিহর সঞ্চালনায় এবং কুবিসাস সভাপতি সাঈদ হাসান এর সভাপতিত্বে সম্পন্ন হয়। শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের কুমিল্লা প্রতিনিধি মানসুর আলম অন্তর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুখ ওয়াসিফ। এছাড়াও, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আহত সাংবাদিক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আহত সাংবাদিক মো. শাহিন আলম তাঁর বক্তব্যে বলেন, তিনি জুলাই বিপ্লবে আহত এবং পঙ্গুত্ব বরণ করা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বিশেষ করে শহীদ আব্দুল কাইয়ুমকে। তিনি নিজেকে পেশাদার সাংবাদিক হিসেবে নয়, বরং জুলাই অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করেন। ১১ ও ১৮ জুলাই পুলিশের হামলার বর্ণনা দিয়ে জানান, এম্বুলেন্সকেও থামিয়ে হামলা চালানো হয়েছিল। সাংবাদিকরা সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, যদিও এখনও নিরাপদে কাজ করা সম্ভব হয় না। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক বিশাল কন্ঠস্বর।
প্রধান আলোচক ফারুক ওয়াসিফ বলেন, “বাংলাদেশের ছাত্রজনতা ও সাংবাদিকরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সাংবাদিকরা রাষ্ট্রীয় বাহিনীর বাধার মুখে পড়েও সংগ্রাম চালিয়ে গেছেন। শহীদদের ত্যাগের মাধ্যমে আজকের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই আত্মত্যাগ আমাদের জীবনের অংশ।” তিনি আরও উল্লেখ করেন, “জুলাই এক বছরের মধ্যে আবার আমাদের মাঝে ফিরে এসেছে। যারা নেতৃত্ব দিয়েছেন তারা হয়তো সংগঠন ও বয়সে ছোট, কিন্তু অর্থের অভাবের কারণে সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলতে পারছে না, ফলে জুলাই হারছে।”
উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “জুলাই আন্দোলনে ছাত্ররা নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে পেরেছে, আশা করি কুবিসাসও শিক্ষার্থীদের সাথে সমন্বয় করবে। সাংবাদিকদের কাজ হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করা। ‘জুলাই ২৪’ হঠাৎ নয়, দেশের মানুষ প্রমাণ করেছে ন্যায্য দাবির পক্ষে তারা একতাবদ্ধ হয়।”
বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান বলেন, “মূল স্রোতের সাংবাদিকরা যেখানে ব্যর্থ হয়েছিল, ক্যাম্পাস সাংবাদিকরা সেখানে ভূমিকা পালন করেছে। গত ষোলো বছর ধরে ফ্যাসিজমের কারণে ক্যাম্পাস একদলীয় নিয়ন্ত্রণে ছিল। সাধারণ ছাত্ররা তাদের স্বপ্ন ও চাহিদা প্রকাশ করতে পারছিল না, তাই ক্যাম্পাস সাংবাদিকরা সেই ভূমিকা নিয়েছে।”
সভাপতি সাঈদ হাসান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবদান অসামান্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের ছবি, ভিডিও ও লাইভ সম্প্রচার করেছে।” তিনি আহত শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীদের অবদানও বিশেষভাবে স্মরণ করেন।
সাময়িকীটি ২০২৪ সালের জুলাইয়ে কুমিল্লায় ঘটে যাওয়া ছাত্র-জনতার গণজাগরণ, রাষ্ট্রীয় নিপীড়ন ও রাজনৈতিক প্রতিরোধের ঘটনাবলি এবং আহত ও সাংবাদিকদের দৃষ্টিকোণ তুলে ধরেছে।

























































