শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২৫

বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি

 

বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি

ডেস্ক রিপোর্টঃ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশ সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত নাগরিকরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন। আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকার সম্প্রতি এ সংক্রান্ত নীতির অনুমোদন দিয়েছে। আত্মরক্ষার স্বার্থে ‘অরক্ষিত বা প্রত্যন্ত অঞ্চলের’ বাসিন্দাদের জন্য এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আসাম সরকার অস্ত্রের লাইসেন্সের জন্য একটি ডিজিটাল পোর্টাল চালু করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্যের কিছু অংশে যাতে সহজেই অস্ত্রের লাইসেন্স পাওয়া যায়, সেই উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কারা এবং কীভাবে এ লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, সেটিও পরিষ্কারভাবে নির্ধারণ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আসামের সংখ্যালঘু-প্রধান জেলা এবং বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত অঞ্চলের বাসিন্দাদের নিজেদের সুরক্ষার জন্য এ সুবিধা দেওয়া হবে। গত মে মাসেই রাজ্য মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়, এবার সেটি কার্যকর হলো।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “যদি কেউ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বা এমন কোনো প্রত্যন্ত অঞ্চলে থাকেন যেখানে তাঁদের সম্প্রদায়ের মানুষ কম সংখ্যক, তবে সামান্য ঘটনাও উত্তেজনা তৈরি করতে পারে। অনেক সময় সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের ওপর হামলা চালাতে পারে, ঘরবাড়ি জ্বালিয়ে দিতে পারে। থানায় পর্যাপ্ত পুলিশ থাকে না, আর জেলা সদর থেকে টিম পৌঁছাতে সময় লাগে। সেই সময়ের মধ্যে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আত্মরক্ষার সুযোগ রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর, তাঁকে অবশ্যই অরক্ষিত, সংবেদনশীল বা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড থাকা যাবে না। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং ২০১৬ সালের অস্ত্র আইন অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

উল্লেখ্য, গত মে মাসে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, সীমান্তবর্তী জেলাগুলোর বাসিন্দারা প্রায়ই ‘বাংলাদেশিদের’ আক্রমণ ও হুমকির মুখে পড়েন। তাই ভারতীয় নাগরিকদের আত্মরক্ষার সুযোগ দিতেই বিশেষ অস্ত্র নীতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বৃহস্পতিবার তিনি স্পষ্ট করে বলেন, “এটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ উদ্যোগ। এর উদ্দেশ্য হলো আদিবাসীসহ অন্তত তিন প্রজন্ম ধরে ভারতে বসবাসকারী প্রত্যেক বাসিন্দাকে সহায়তা করা।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি