সোমবার,৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পদ্মা সেতুতে ৯ ঘণ্টায় ১ কোটি ৩ লাখের বেশি টোল আদায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০২৬

ডেস্ক রিপোর্টঃ

ঈদকে সামনে রেখে পদ্মা সেতু পার হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকেই সেতুর উত্তর প্রান্তে মুন্সীগঞ্জের লৌহজং এলাকার টোল প্লাজায় দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বাড়তে দেখা গেছে। তবে এবার বড় ধরনের যানজট বা অতিরিক্ত ভিড় দেখা যায়নি।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ জানান, সোমবার (১৬ মার্চ) মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মাওয়া প্রান্ত দিয়ে মোট ১০ হাজার ৩৮০টি যানবাহন সেতু পার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা।

তিনি আরও জানান, মাওয়া প্রান্তে প্রতি মিনিটে ১০টি লেন দিয়ে মোটরসাইকেলসহ প্রায় ৪৫ থেকে ৫০টি যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদযাত্রার চাপ সামাল দিতে আগেভাগেই টোল প্লাজার সব বুথ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি বুথে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে এবং যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তাকর্মীও বাড়ানো হয়েছে।

মোটরসাইকেল পারাপারের জন্য লেন সংখ্যা একটি থেকে বাড়িয়ে তিনটি করা হয়েছে। এছাড়া বড় যানবাহনের জন্য স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি (ইটিসি)সহ মোট সাতটি লেন চালু রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে টোল প্লাজার পাশে টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশ এবং ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে রাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। পদ্মা সেতু এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে এবং যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি