ডেস্ক রিপোর্টঃ
শেরপুরের নকলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সজীব মিয়া (১৪) মারা গেছে। তিনি নকলা উপজেলার টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামের কৃষক ফারহান মিয়ার একমাত্র সন্তান।
ঘটনাটি ঘটেছে ১০ মার্চ রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, সজীবকে আড্ডা দেওয়ার প্রলোভন দেখিয়ে একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রিফাতসহ কয়েকজন ডেকে নিয়ে যায়। এ সময় তারা সজীবকে শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে, যার ফলে তার কলিজা বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর অবস্থায় সজীবকে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর ১৪ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। মোবাইল ফোন নিয়ে বিরোধের কারণে এই নৃশংস ঘটনা ঘটে।
নকলার টালকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান সজীবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ জানান, ঘটনার বিষয়ে একটি নিয়মিত মামলা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন আদালতে পেশ করা হবে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


















































