স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ডে বসতঘর, বসতঘরে থাকা নানান আসবাবপত্র, নগদ টাকা পুড়ে ছাঁইয়ে পরিণত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের সিএনজি চালক শাহাদাত হোসেন রিপনের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মূহুর্ত্বেই গ্যাসের আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরে থাকা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, ফ্রিজ, আলমিরা, ওয়ারড্রপসহ নানান আসবাবপত্র পুড়ে ছাঁইয়ে পরিণত হয়। আগুনে অন্তত ৬-৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তেভোগী শাহাদাত হোসেন রিপন।
৯নং কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রতিবেশী ইকবাল হোসেন মজুমদার জানান, রিপনের স্ত্রী ব্রেইনস্ট্রোকে আক্রান্ত দীর্ঘদিন ধরে। স্ত্রীর চিকিৎসায় নিজের ব্যবহৃত সিএনজি বিক্রি করে বর্তমানে ভাড়ায় অন্যের সিএনজি চালায় সে। স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার পরিশোধে অক্ষম হয়ে কিছুদিন আগে ঢাকার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। আকষ্পিক অগ্নিকান্ডে সব হারিয়ে রিপন এখন পথে বসার উপক্রম হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থল কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন যাই। কিন্তু ততক্ষনে সব পুড়ে যায়। স্থানীয়দের সাথে, ভুক্তভোগীদের সাথে কথা বলে নিশ্চিত হই, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সুত্রপাত হয়।


















































