মঙ্গলবার,৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পদ্মা-মেঘনায় জাটকা ধরায় ১৭ জেলেকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৩.২০২৬

পদ্মা-মেঘনায় জাটকা ধরায় ১৭ জেলেকে জরিমানা

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার ভোরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন— শেখ ফরিদ (৩০), মো. মাইনুদ্দিন (২০), বিল্লাল হোসেন (২৮), মো. বশির (২৩), রাসেল সরকার (৩২), ইউসুফ আলী (২০), শরিফুল ইসলাম (১৮), ফারুক আলম (২৮), জাহিদ হাসান (২৫), আব্বাস আলী (৩২), মো. ইসলাম (৩২), মো. ইব্রাহীম (৩৮), মো. শামীম (২০), মো. রফিক (২০), ইয়াছিন মাল (২০), মনির হোসেন (৩২) ও মো. দ্বীন ইসলাম (২৪)। তাদের বাড়ি চাঁদপুর সদর, মতলব (উত্তর) ও লক্ষ্মীপুর জেলায়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সদর উপজেলার আখনের হাট, চেয়ারম্যান স্টেশন, হরিনাঘাট, বহরিয়া, মিনি কক্সবাজার, টিলাবাড়ি, আনন্দ বাজার ও লালপুর এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে জেলেদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ ও এপ্রিল—এই দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এই সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি