বৃহস্পতিবার,২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে বিদেশি মদসহ মাদক কারবারি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০২৬

কুমিল্লা নগরীতে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টায় নগরীর ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় অবস্থিত ‘বাইতুত তাকওয়া’ নামীয় ভবনে অভিযান চালায় পুলিশ।

এসময় সুমন সাহার শয়নকক্ষ থেকে মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২৫ বোতল রয়্যাল গ্রিন হুইস্কি (৭৫০ মিলিলিটার), ১১ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি (৭৫০ মিলিলিটার) এবং ১৮ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি (৩৭৫ মিলিলিটার)। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত সুমন সাহা বলেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি