বৃহস্পতিবার,২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপুল পরিমাণ ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০২৬

বিপুল পরিমাণ ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

ডেস্ক রিপোর্টঃ

যশোরে বিপুল পরিমাণ ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি ৬২ লাখ টাকার বেশি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা এবং তিনি আবু বক্করের ছেলে।

বিকেলে যশোরের ঝুমঝুমপুরে বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায় এবং মহাসড়কে সন্দেহজনকভাবে অবস্থানকালে সুজাউদ্দিনকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড, ৫ হাজার ৫৩০ টাকা বাংলাদেশি মুদ্রা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন এবং একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সামগ্রীর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সুজাউদ্দিন এসব ডায়মন্ড ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা ট্রেজারিতে জমা রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি