মঙ্গলবার,৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে একসঙ্গে ৩ বাসে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২৬

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে একসঙ্গে ৩ বাসে আগুন

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা ৩টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় সেখানে পড়ে ছিল। রোববার দুপুরে হঠাৎ করেই এসব বাসে আগুন লাগে। এলাকাবাসীর অভিযোগ, বাসগুলোতে অবাধে যাতায়াত করা যেত এবং সেগুলোর ভেতরে মাদকাসক্তরা নিয়মিত মাদক সেবন করত।

কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসগুলো ‘রয়েল পরিবহন’ নামের একটি প্রতিষ্ঠানের। তবে আগুন লাগার পর তথ্য সংগ্রহের জন্য তাদের কাউন্টারে গিয়ে তালাবদ্ধ পাওয়া গেছে। যেহেতু বাসগুলোতে কোনো মেরামতের কাজ চলছিল না, তাই কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি