ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লাসহ দেশের ১৫টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য উল্লেখ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া আবহাওয়া অফিসের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে এমন আবহাওয়া বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


























































