বুধবার,৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ইতালির আশায় অর্ধকোটি টাকা দিয়েও বন্দিশালায় নির্যাতনে যুবকের মৃত্যু


ইতালির আশায় অর্ধকোটি টাকা দিয়েও বন্দিশালায় নির্যাতনে যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০২৬

ইতালির আশায় অর্ধকোটি টাকা দিয়েও বন্দিশালায় নির্যাতনে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

ভাগ্যের পরিবর্তন আর স্বপ্ন পূরণের আশায় ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে ছিলেন জহিরুল আকন (২৫)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি—পথিমধ্যে লিবিয়ার একটি বন্দিশালায় মানবপাচারকারী চক্রের হাতে নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

বুধবার (৮ এপ্রিল) বিষয়টি সামনে আসে। এর আগে সোমবার রাতে পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে। এরপর থেকেই বাড়িতে চলছে শোকের মাতম।

জহিরুল আকন মাদারীপুর জেলার ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াসার গ্রামের বাসিন্দা এবং সামচু আকনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় পাঁচ মাস আগে একই এলাকার একটি মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে জহিরুল ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। তবে তাকে সরাসরি ইতালি না নিয়ে সৌদি আরব হয়ে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছে তাকে একটি বন্দিশালায় আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।

পরিবারের কাছ থেকে কয়েক দফায় প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হলেও নির্যাতন বন্ধ হয়নি। অবশেষে অতিরিক্ত নির্যাতনের ফলে জহিরুলের মৃত্যু হয়। জানা গেছে, প্রায় ১৫ দিন আগে তার মৃত্যু হলেও বিষয়টি গোপন রাখা হয়। পরে লিবিয়ায় অবস্থানরত একই গ্রামের কয়েকজন যুবকের মাধ্যমে পরিবার এ খবর জানতে পারে।

এই ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জহিরুলের স্ত্রী সাথী আক্তারসহ এলাকাবাসী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, স্বজনদের মাধ্যমে তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মানবপাচারকারীদের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ধরনের অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি