
পূর্বাশা ডেস্ক :
টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন সংসদ নিয়ে মানুষের যে প্রত্যাশা সেটা পুরোপুরি পূরণ করা সম্ভব হচ্ছে না। কিন্তু ইতিবাচক কিছু দিকও লক্ষ্য করা গেছে। সরকারের জবাবাদিহিতা ও দুর্নীতিরোধে সংসদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হলেও বর্তমান সংসদ সে ভূমিকা রাখতে পারছে না।
গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশের ১০ম সংসদ গত এক বছরে কতটা কাজ করলো তা নিয়ে একটি গবেষণা প্রকাশ করবে টিআইবি।
বাংলাদেশে বর্তমান সংসদ নিয়ে বিতর্ক রয়েছে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সর্বশেষ জাতীয় সংসদে অংশ না নেয়ায়, সেই অর্থে সংসদে কোন বিরোধী দল নেই বলে সমালোচনাও রয়েছে।
সংসদের কার্যক্রমের বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র চর্চা হয়। এই সংসদীয় গণতন্ত্রে সুশাসন প্রতিষ্ঠা, জনপ্রতিনিধিত্ব আইন প্রণয়ন, আইনের সংস্কার, সর্বপরি সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংসদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ২০০১ সালে থেকে ধারাবাহিকভাবে আমরা সংসদ নিয়ে গবেষণা করছি। এবারের প্রতিবেদনটি হচ্ছে দশম সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশন অর্থাৎ সেপ্টেম্বর ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত। এই সময়ে আমাদের পর্যবেক্ষণে কিছু কিছু ইতিবাচক দিক দেখতে পাই। আইনপ্রণয়নের জন্য যে সময়টা ব্যয় হয় তার হার কিছুটা বেড়েছে। কার্যদিবসে সংসদে গড় উপস্থিতি কিছুটা বেড়েছে, বিলপ্রতি যে সময় ব্যয় হয় তার সময় কিছুটা বেড়েছে। তবে দীর্ঘদিন ধরে সংসদে কোড়াম সংকট হয়। আমাদের সংসদে সংসদ কার্যক্রমের সময় খুব কম, সাড়ে তিন ঘন্টার মত। সেই ধারাটা এবারও অভ্যাহত থাকতে দেখছি। প্রতিদিন গড়ে ২৮ মিনিটি দেরিতে সংসদ অধিবেশন বসে যেটি আমাদের জন্য বিব্রতকর বলে মনে করি।
সংসদে বিরোধী দলকে কতটা কতটা গুরুত্বসহকারে নেয়া হচ্ছে এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিরোধীদল হিসাবে পরিচিত যে দলটি তারা আগের তুলনায় সক্রিয় হবার চেষ্টা করেছে। কোন কোন ক্ষেত্রে সরকারের সমালোচনা করেছে, চারবার ওয়াকআউট করেছে। কিন্তু তা সত্ত্বেও বিরোধীদলের কোন কথার গুরুত্ব না দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। অন্যদিক থেকে যেহেতু প্রধান বিরোধী দল হিসাবে তাদের যে বিতর্কিত দ্বিমুখী ভূমিকা সেটা অব্যাহত রয়েছে। ফলে তাদের নিজেদের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে।
ইফতেখারুজ্জামান আরও বলেন, সংসদীয় কমিটি সংসদের কার্যক্রমের সরকারের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে বিধি অনুযায়ী নিয়মিত সভা করার বাধ্যবাধকতা থাকলেও দুঃখজনক হলেও সেটা অনেক কমিটি করতে পারে না। আবার কোন কোন কমিটির মধ্যে স্বার্থের দ্বন্দ্ব রয়েছে যার ফলে কমিটির কার্যক্রম যথাযথ হয় না। আবার কোন কোন কমিটি যখন ইতিবাচক কোন কাজ করেছে তখন তাদের সুপারিশ সরকার গ্রহণ করে না।
এক কথায় বিরোধীদলের সুপারিশ আমলে নেয়া হচ্ছে না, তারা আস্থার সংকটে রয়েছে। সংসদীয় কমিটি যেটা রয়েছে তারাও কাজ করতে পারছে না তাহলে বর্তমান সংসদ কি দাঁড়াবে এর উত্তরে ড. ইফতেখারুজ্জামান বলেন, দশম সংসদের কথা যদি বলি তাহলে সংসদ আগের তুলনায় কিছুটা সক্রিয় হবার চেষ্টা করেছে। কিন্তু সেটা প্রত্যাশা পূরণের জায়গায় অনেক ঘাটতি রয়েছে। অগ্রগতির অনেক সুযোগ রয়েছে। সংসদে অচরণ বিধি লঙ্ঘন করে অসংসদীয় ভাষা ব্যবহার সেটা অব্যাহত রয়েছে। সার্বিকভাবে সংসদের কাছে মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে এটা বলা যাবে না।
০৯/০৪/২০১৭, চৈতি।























































