শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদ্রোহীদের সামাল আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্চ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় নির্বাচনে ১৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র ভাবে। ১৯৯১ সালে গণতন্ত্রের নবযাত্রার পর সবচেয়ে বেশি স্বতন্ত্র ভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপিসহ তাদের জোট শরিক দলগুলো নির্বাচন বর্জন করায় ১৫৩ আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। ১৪৭ আসনে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে লড়াই করেছেন দলটির বিদ্রোহী নেতারা। ১৬ টি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী নেতারা। প্রায় ৭০ টি আসনে বিদ্রোহীরা হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে।

আগামী একাদশ জাতীয় নির্বাচনে জয়ী হতে এরই মধ্যে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন স্থানে দলীয় জনসভায় নৌকা মার্কায় ভোট চাচ্ছেন তিনি। দশম নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আগামী নির্বাচনে দলটি অংশ নেবে বলে জোর দাবি করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। রাজনৈতিক মহলসহ আওয়ামী লীগের অনেকেই মনে করছেন আগামী নির্বাচনে দলের বিদ্রোহীদের সামাল দেওয়াটাই ক্ষমতাসীনদের জন্য বড় চ্যালেঞ্চ হয়ে উঠবে।

দশম নির্বাচনে স্বতন্ত্র ভাবে নির্বাচিতদের বেশিরভাগই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সম্প্রতি তারা জাতির জনক বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রে বলা আছে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলের কেউ নির্বাচন করলে কিংবা বিপক্ষ্যে কাজ করলে তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কার হয়ে যাবেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পর পর তিন বারের সাধারণ সম্পাদক শহীদ তাজউদ্দীন আহমেদের ভাই আফছার উদ্দীন নবম সংসদের উপনির্বাচনে গাজীপুর -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। ফলে তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছিল। আফছার উদ্দীন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্য ছিলেন। কিন্তু দশম সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রার্থী হওয়া নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। ঢাকার লালবাগ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে মহানগর আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। তাকে মহানগর কমিটিতে রাখা হয়েছে। মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস উদ্দীন মোল্লার বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হয়েছেন। স্বতন্ত্র ভাবে নির্বাচিত বিদ্রোহীদের দলে ফিরিয়ে আনা বা যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়াটা আওয়ামী লীগের জন্য শুভ হবে না বলে মনে করছেন দলটির অনেকেই। এছাড়া দশম নির্বাচনের পর অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে প্রকাশ্যে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষ্যে কাজ করা বা প্রার্থী হওয়া নেতাদের বিরুদ্ধেও সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। এ নিয়ে তৃর্ণমূলে ব্যাপক ক্ষোভ রয়েছে।

দশম নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট বেশ কিছু আসনে বিদ্রোহীদের জয়লাভের বিষয়টি আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য চরম বিড়ম্বনা অপেক্ষা করছে এমনটি মনে করছেন অভিজ্ঞ মহল।

দশম সংসদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত আওয়ামী লীগ নেতারা হলেন গাইবান্ধা -৪ আবুল কালাম আজাদ, নওগা-৩ মো. ছলিম উদ্দীন তরফদার, মেহেরপুর-২ মো. মকবুল হোসেন, কুষ্টিয়া-১ মো. রেজাউল হক চৌধুরী, ঝিনাইদহ-২ তানজীব আলম সিদ্দিকী, যশোর-৫ স্বপন ভট্টচার্য্য, ঢাকা-৭ হাজী সেলিম,, নরসিংদী-৩ সিরাজুল ইসলাম মোল্লা, ফরিদপুর-৪ মজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার -২ আব্দুল মতিন, কুমিল্লা-৩ ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল, ফেনী-৩ রহিম উল্লাহ, পার্বত্য রাঙ্গামাটি ঊষাতন তালুকদার।

নবম সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন মাত্র দু’জন। এরা হলেন নোয়াখালী-৬ মোহাম্মদ ফজলুল আজিম ও টাঙ্গাইল-৩ আমানুর রহমান খান রানা। রানা দশম নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

দশম সংসদ নির্বাচনের পর দলীয় প্রতীকে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী লীগ নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন। ফলে আগামী সংসদ নির্বাচনে বিদ্রোহীদের সামাল দেওয়াটা যে আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে পড়বে এমনটি মনে করছেন অনেকেই।

পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি