স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর এলাকায় এক নারী শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত সালমা আক্তার (৩২) ছিলেন বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক। হত্যাকাণ্ডের পর তার স্বামী সরোয়ার হোসেন (৪০) পালিয়ে গেলেও পরে তিনি থানায় আত্মসমর্পণ করেছেন।
বাউফল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সরোয়ার হোসেন তাদের ৪ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। এরপর পুলিশ তাকে আটক করে এবং একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ভাড়া বাসার খাটের ওপর থেকে সালমার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালমা আক্তারের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে। তিনি বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল এই দম্পতির মধ্যে। স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন ছিল। এই বিরোধ থেকেই বুধবার (৩০ জুলাই) রাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করে সরোয়ার।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, “সরোয়ার হোসেন থানায় এসে নিজেই হত্যার কথা জানান। পরে তাকে আটক করা হয় এবং মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”


















































