বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধু যাকে চিকিৎসা করিয়েছেন সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এখন রাজাকার !


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৬

263096_1

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু রাশিয়ায় নিয়ে তাকে চিকিৎসা করিয়েছিলেন বলেই এখনো বেঁচে আছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্ত ভাতায় জীবন-যাপন করছিলেন তিনি। কিন্তু জেলা মুক্তিযোদ্ধা সংসদের ‘অপরাজনীতির’ শিকারে এখন তিনিই বনে গেছেন ‘রাজাকার’! ভাতা বন্ধ হয়ে যাওয়ায় শেষ বয়সে জীবিকার জন্যে পথে নামতে হয়েছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হামিদ শেখকে।

মাগুরার শ্রীপুর উপজেলার রাজধরপুর গুচ্ছগ্রামের বাসিন্দা হামিদ শেখ। ১৯৭১ সালের ৮ নভেম্বর তিনি রাজধরপুর ফেরিঘাটে পাক হানাদারদের ছোড়া গুলিতে আহত হন তিনি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাশিয়ার আলেকজান্ডার হাসপাতালে চিকিৎসা করানো হয়।

 দীর্ঘদিন একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রদত্ত ভাতায় ৬টি সন্তান নিয়ে কোনোরকম জীবন-যাপন করছিলেন তিনি। কিন্তু সম্প্রতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার মোল্যা নবুয়ত আলী তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে অভিযোগ দিয়েছেন যে, হামিদ শেখ মুক্তিযোদ্ধা নন; রাজাকার। যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে পেয়ে আসা ভাতা বন্ধ হয়ে গেছে।

জানা যায়, চলতি বছরের ৭ জুলাই ১৪ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে অভিযোগ দেওয়া হয়। অভিযুক্তরা যুদ্ধাহত নয় এমন অভিযোগ পাওয়ার পর তাদের ভাতা স্থগিত করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্যা নবুয়ত আলী স্বাক্ষরিত অভিযোগপত্রে ১৪ জনের প্রথম নামটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খান আলী রেজার। দীর্ঘ ১০ বছর যিনি জেলা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেন। গত বছর তিনি মারা গেছেন।

বর্তমান কমান্ডার মোল্যা নবুয়ত আলীর অভিযুক্ত তালিকার ১২ নম্বরে রয়েছে হামিদ শেখের নাম। অভিযুক্ত অন্যরা হলেন- শওকত খান, আনসার আলী বিশ্বাস, আবদুস সালাম, সুধীর কুমার বিশ্বাস, চৈতন্য কুমার বিশ্বাস, শওকত আলী, আবদুল ওয়াহিদ, তফছের আলী, মাহাতাব উদ্দিন, আবদর রাশেদ, হাফিজুর রহমান ও ইয়াকুব মোল্যা।

মুক্তিযোদ্ধা সংসদের অপরাজনীতির অংশ হিসেবে কিছু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধাদের অনেকেই। আবার মুক্তিযুদ্ধ বিষয়ক নানা গ্রন্থে মুক্তিযোদ্ধা হিসেবে সাবেক কমাণ্ডার খান আলী রেজা, হামিদ শেখের অবদানের বিষয়টিকে উল্লেখ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উত্থাপিত অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন অনেকেই।

মাগুরার নাকোল এলাকার আঞ্চলিক কমাণ্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মারুফ আহমেদ বলেন, রাজধরপুর ফেরিঘাটের ওপারে ছিল পাক হানাদারদের ক্যাম্প। ওই এলাকায় হামিদ শেখ-সহ কয়েকজনকে রেকি করতে পাঠানো হয়েছিল। কিন্তু ঘাটেই এক পাক সেনাকে দেখতে পেয়ে হামিদ গুলি করে বসে। প্রতি উত্তরে অপরপ্রান্ত থেকেও গুলি আসতে থাকে। যার একটি গুলি হামিদ শেখের বাম কাঁধের নীচে লেগে মারাত্মকভাবে আহত হন তিনি। এ ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসক মোস্তাক আহমেদ তাকে চিকিৎসা দেন। এর দুইদিন পর মাগুরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তাকে রাশিয়া নিয়ে চিকিৎসা করিয়েছিলেন।

তিনি বলেন, সরকারি গেজেটে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে ০৪০৮০২০৫৪৬নং ক্রমিকে তার নামও রয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের এতবছর পর মুক্তিযোদ্ধা সংসদের আপত্তির কারণে বৃদ্ধ অবস্থায় স্ত্রী পরিবার নিয়ে হামিদ শেখ এখন খুবই বিপদের মধ্যে পড়েছেন।

মাগুরার মিয়া ওয়াহিদ কামাল বাবলু বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মাগুরা-ঝিনাইদহ অঞ্চলে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর হোসেন মিঞার নেতৃত্বে একটি আঞ্চলিক বাহিনী বীরত্বপূর্ণ ভূমিকা রাখে। তার নামানুসারে যেটি আকবর বাহিনী হিসেবে পরিচিত ছিল। এই আঞ্চলিক বাহিনী প্রধান মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিঞা রচিত ‘মুক্তিযুদ্ধে আমি ও আমার বাহিনী’ গ্রন্থেও মুক্তিযোদ্ধা হামিদ শেখ, খান আলী রেজার নাম ও স্বাধীনতাযুদ্ধে তাদের বীরত্বের কথা উল্লেখ রয়েছে।

মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, মুক্তিযোদ্ধা সংসদের বিগত নির্বাচনের সময় মোল্যা নবুয়ত আলীর বিপক্ষীয় প্যানেলে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে নানাভাবে অপদস্থ করা হচ্ছে। যার অংশ হিসেবেই প্রকৃত অনেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তিনি অভিযোগ দিয়ে ভাতা বন্ধ করে দিয়েছেন। আবার অনেকে যারা মুক্তিযোদ্ধা নন; ভোটার বৃদ্ধির স্বার্থে তাদের মুক্তিযোদ্ধা সনদ দিয়ে মুক্তিযোদ্ধা তৈরি করা হচ্ছে।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হামিদ শেখ বলেন, বঙ্গবন্ধু আমাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছেন, চিকিৎসা করিয়েছেন। অতীত ও বর্তমান কমাণ্ডারের দেওয়া সনদও আমার কাছে রয়েছে। অথচ ব্যক্তিগত স্বার্থে সেই তিনি এখন আমাকে-সহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের অনেককে নানাভাবে বিপদে ফেলছেন।

এ বিষয়ে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার মোল্যা নবুয়ত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ তৈরির বিষয়টি অস্বীকারের পাশাপাশি ‘অভিযুক্ত ১৪ জনকে মুক্তিযোদ্ধা নয়’ বলে দাবি করেছেন।

তবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হামিদ শেখের প্রশ্নে তিনি বলেন, বঙ্গবন্ধু তাকে রাশিয়া নিয়ে চিকিৎসা দিলেও সে (হামিদ) মুক্তিযোদ্ধা নয়। বরং রাজাকার ছিলেন বলেই তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

সূত্র ঃ পরিবর্তন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি